ভারতে পুলিশের গুলিতে ১৮ মাওবাদী নিহত
ভারতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। আজ সোমবার ওডিশা রাজ্যের মালকানগিরি জেলার বেজাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমান্তের কাছে।
ওডিশা থেকে পুলিশের উপপরিদর্শক সি কে ধরুয়া টেলিফোনে এএফপিকে বলেন, অন্ধ্রপ্রদেশ ও ওডিশার সীমান্তের কাছাকাছি একটি জঙ্গলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত ১৮ জন মাওবাদীর লাশ উদ্ধার করেছে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ধারণা করা হচ্ছে, বন্দুকযুদ্ধের সময় সেখানে সংগঠনটির শীর্ষ নেতা গাজারলা রবি ওরফে উদয়, বেঙ্গল সুধীর ও অনিল সেখানে ছিলেন। গোপন বৈঠকের পর বিদ্রোহীরা সেখানে বিশ্রাম নিচ্ছিল।
সূত্রমতে, গতকাল রোববার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলকে সেখানে পাঠানো হয়। বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্য আহত হয়। পরে সেখান থেকে তিনটি একে ৪৭, পাঁচটি এসএলআর ও থ্রিনটথ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে।