ভারতে পুষ্টি জরিপ হয় বাংলাদেশের চেয়েও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংখ্যা বৃদ্ধির হার ভারতের চেয়েও কম। অথচ ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল-দেশ তিনটি দেশের জনসংখ্যার পুষ্টির অবস্থা সংক্রান্ত জরিপ করে ভারতের চেয়েও বেশি। অত্যধিক অপুষ্টিজনিত সমস্যা থাকা সত্ত্বেও ভারতে পুষ্টি সংক্রান্ত জরিপ হয়েছে সর্বশেষ ১০ বছর আগে। কিন্তু এই সময়ের মধ্যে প্রতিবেশী দেশগুলোতে দুইবার করে এ জরিপ হয়েছে।

ভারতের পুষ্টি জরিপের বেহাল অবস্থা সংক্রান্ত একটি খবর আজ রোববার প্রকাশিত হয় দেশটির বহুল প্রচারিত পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে। সেখানে দেখানো হয় গত দশ বছরের মধ্যে বাংলাদেশে পুষ্টি সংক্রান্ত জরিপ হয় ২০০৬ সালে এবং সর্বশেষ ২০১২ সালে। পাকিস্তান ও নেপালে ২০১০ ও ২০১৪ সালে। অথচ ভারতে সর্বশেষ জরিপ হয় ২০০৫ সালে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ’র রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসির পলিসি ডিরেক্টর কমল গানোত্রা বলেন, নিশ্চিত করে বলা যায় ভারতের শহুরে বাচ্চাদের এবং আদিবাসী ও দুর্গম এলাকার বাচ্চাদের পুষ্টির মধ্যে বড় ধরনের একটি পার্থক্য আছে। জেলা পর্যায়ের পুষ্টি তথ্যের মাধ্যমে এ পার্থক্যগুলো ধরা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমাদের জেলা পর্যায়ের ‘সর্বশেষ’ তথ্য হচ্ছে ১৩ বছর আগের। অথচ যেকোনো ধরনের স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত স্কিম পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ের তথ্য প্রয়োজন। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে পুষ্টি সংক্রান্ত পরিকল্পনাগুলো প্রাথমিকভাবে ১৩ বছর আগের এ তথ্যের ওপর ভিত্তি করেই করা হচ্ছে।
২০০২ সালের পর থেকে ভারতে জেলা পর্যায়ে কোনো জরিপ নেই। ২০০৫-০৬ বর্ষে হয়েছিল জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ ৩, দশ বছর পর এ বছর আবার শুরু হয়েছে জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ ৪।
ইউনিসেফ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শিশুদের ওপর করা একটি জরিপ ‘র‍্যাপিড সার্ভে অন চিলড্রেন’ এর তথ্য এখনো প্রকাশিত হয়নি। জরিপটি করা হয়েছিল ২০১৩ সালে। ছয় মাস আগে তথ্যগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পর্যালোচনার জন্য পাঠানো হলেও, কোনো মতামত দেয়নি মন্ত্রণালয়।
দুই দশক ধরে এক শরও বেশি দেশ ইউনিসেফের সহযোগিতায় ‘উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশক জরিপ (এমআইসিএস) ’ পরিচালনা করে আসছে। এ জরিপ শিশু ও মহিলাদের উন্নয়নের জন্য কী কী করা দরকার সে বিষয়ে তথ্য দিয়ে থাকে এবং এ বিষয়ক নীতি তৈরিতেও সহায়তা করে। এ পর্যন্ত এমআইসিএসের ২০ বছর ও পাঁচ রাউন্ড সম্পন্ন হয়েছে। জরিপ হয়েছে তিন শরও বেশি। অথচ এমআইসিএসের দুইটি রাউন্ড হওয়ার পরই ভারত এই জরিপে নিজেদের অংশগ্রহণ বর্জন করে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল এখনো এমআইসিএসে অংশ নেয়।