ভারতে পেগাসাস নিয়ে পার্লামেন্টে বিতর্কের দাবি ১৪টি বিরোধী দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে দেশে দেশে ফোনে আড়ি পাতা হয়েছে
ফাইল ছবি

ভারতের সুপ্রিম কোর্টে পেগাসাস-কাণ্ডের শুনানির ঠিক আগের দিন ১৪টি বিরোধী দল সংসদের দুই কক্ষে বিস্তারিত বিতর্কের দাবি জানাল। এক চিঠিতে এই দলগুলোর নেতারা বলেছেন, পেগাসাস-কাণ্ডের সঙ্গে দেশের নিরাপত্তার প্রশ্ন জড়িত।

চিঠিতে বলা হয়েছে, সরকার উদ্ধত ও একগুঁয়ে। সংসদের অচলাবস্থার জন্য তারা একতরফাভাবে বিরোধীদের দায়ী করে প্রচার চালাচ্ছে। এটা নিছকই দুর্ভাগ্যজনক। অচলাবস্থার জন্য সরকারি একগুঁয়েমি ও ঔদ্ধত্যই দায়ী।

পেগাসাস-কাণ্ডে সংসদ অচল রয়েছে। শুধু পেগাসাসই নয়, বিরোধীরা আলোচনার দাবিতে মুখর কৃষক আন্দোলন ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতেও। তা ছাড়া মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের আকাশচুম্বী দাম ও কোভিড পরিস্থিতি নিয়েও বিরোধীরা সরব। তাঁদের অভিযোগ, সরকার কোনো বিষয় নিয়েই আলোচনায় আগ্রহী নয়। বরং সংসদের অচলাবস্থার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ বিল বিনা আলোচনায় পাস করিয়ে নিচ্ছে। তড়িঘড়ি বিল পাসের জন্য সরকারকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ান মঙ্গলবার বলেছিলেন, বিল পাস নয়, সরকার যেন পাপড়ি চাট বানাচ্ছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত মঙ্গলবার বিরোধী নেতাদের প্রাতরাশ বৈঠকে ডেকেছিলেন। সেখানেই ঠিক হয় সবাই সম্মিলিতভাবে সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করবে। সেই অনুযায়ী গতকাল বুধবার ১৪ দলের নেতারা এই যৌথ বিবৃতিতে সই করেন।

যৌথ বিবৃতিতে সই করেছেন কংগ্রেসের রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে ও আনন্দ শর্মা, এনসিপির শারদ পাওয়ার, ডিএমকের টি আর বালু ও তিরুচি শিবা, এসপির রামগোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের ডেরেক ওব্রায়ান ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শিবসেনার সঞ্জয় রাউত, আরজেডির মনোজ ঝা, সিপিএমের এলামারাম করিম, মুসলিম লিগের মহম্মদ বশির, সিপিআইয়ের বিনয় বিশ্বম, ন্যাশনাল কনফারেন্সের হাসনাইন মাসুদি, আরএসপির এন কে প্রেমচন্দ্রন, এলজেডির এম ভি শ্রেয়মস কুমার ও আম আদমি পার্টির সুশীল গুপ্তা। আম আদমি পার্টির কেউ মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে গতকালের চিঠিতে তাঁরা সম্মতি দিয়েছেন।

পেগাসাস-কাণ্ডে বিতর্ক ও তদন্তের দাবিতে সরকারপক্ষ দিন দিন কোণঠাসা হচ্ছে। সংসদে আলোচনা ঠেকিয়ে রাখলেও জনস্বার্থ মামলা দায়ের রুখতে পারছে না। সুপ্রিম কোর্টের ওপরও তদন্তের নির্দেশ দেওয়ার জন্য চাপ বাড়ছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এন ভি রমনার এজলাসে এই মামলার প্রথম শুনানি। আবেদনকারীদের আরজি, সরকারকে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ আদালত নির্দেশ দিন।

এই দাবিতে বুধবারও সংসদের উভয় কক্ষ অচল থাকে। দফায় দফায় অধিবেশন মুলতবি হয়ে যায়। রাজ্যসভায় ৬ তৃণমূল সদস্যকে সারা দিনের মতো সাসপেন্ড করে দেওয়া হয় সভার কাজে বাধা দানের জন্য। দিন কয়েক আগে এই কক্ষে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড হয়ে যান তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন। তিনি পেগাসাস নিয়ে মন্ত্রীর বিবৃতি কেড়ে ছিঁড়ে উড়িয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বিরোধীদের দায়ী করে বলেন, সংসদ চলতে না দেওয়া সংসদের অপমান।