ভারতে পেগাসাস প্রসঙ্গ সংসদে তুলতেই দিল না সরকারি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার পেগাসাস নিয়ে যে কোনোরকম আলোচনায় আগ্রহী নয়, তা স্পষ্ট। ভোটের মুখে সাবধানী সরকার ভারতীয় সংসদে পেগাসাস প্রসঙ্গ তুলতেই দিল না। সংসদীয় অধিবেশনের প্রাক্কালে দ্য নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনের পর বিরোধীরা পেগাসাস নিয়ে যতগুলো মুলতবি প্রস্তাব জমা দিয়েছিল, সব খারিজ করে দেওয়া হয়েছে। যুক্তি, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই আলোচনাযোগ্য নয়।

এমনকি রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে রাজ্যসভায় পেগাসাস–সংক্রান্ত একটি সংশোধনও গ্রাহ্য হয়নি। ‘বিচারাধীন’ যুক্তিতে সেগুলো খারিজ করে দেওয়া হয়। তবে সংশোধনের আকারে পেগাসাস গৃহীত না হলেও সংসদের উভয় কক্ষে বিরোধী নেতাদের বক্তব্যে ঘুরেফিরে এসেছে পেগাসাস প্রসঙ্গ। সরকারপক্ষকে শুনতে হয়েছে বিরোধীদের কটাক্ষ।

কোভিডের কারণে এবার সংসদের বাজেট অধিবেশনও সংক্ষিপ্ত করা হয়েছে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলছে রাজ্যসভার অধিবেশন। তারপর বিকেল চারটা থেকে শুরু হচ্ছে লোকসভা। গত বুধবার সন্ধ্যায় লোকসভায় কংগ্রেস সদস্য রাহুল গান্ধী তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করে বলেন, ‘১৯৪৭ সালে কংগ্রেস এই দেশ থেকে রাজতন্ত্র উৎখাত করেছিল। আজ আবার নতুনভাবে রাজার শাসন ফিরে এসেছে। সেই রাজা কারও কথা শোনেন না। কারও সঙ্গে পরামর্শ করেন না। কারও সমস্যা নিয়ে উতলা হন না। কৃষকেরা এক বছর ধরে অবস্থান ধরনা চালালেও তিনি তাঁদের সঙ্গে কথা বলেন না। হাতে ছড়ি নিয়ে তিনি দেশ চালাচ্ছেন।’ এরপরই রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে গেলেন ইসরায়েল সফরে। কিনে নিয়ে এলেন পেগাসাস। বিভাজনের রাজনীতি চালাতে, রাজ্যের অধিকার খর্ব করতে তিনি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও পেগাসাসকে হাতিয়ার করেছেন।’

রাহুল যাতে পেগাসাস প্রসঙ্গের অবতারণা করতে না পারেন, সে জন্য বিজেপির পক্ষ থেকে চেষ্টার অন্ত ছিল না। বিভিন্ন সদস্য সভার বিধি তুলে দাবি জানান, পেগাসাস প্রসঙ্গ উত্থাপন করা যাবে না। স্পিকার সে বিষয়ে কোনো রুলিং অবশ্য দেননি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাহুলও বলে যান, ‘নিজের দেশের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আপনি যখন পেগাসাস প্রয়োগ করেন, তখন বিভিন্ন রাজ্যের মানুষকেই আক্রমণ করেন। এবং এভাবে দুর্বল করে তুলছেন দেশকে।’

পেগাসাস ও কোভিড মোকাবিলা নিয়ে রাজ্যসভায় বিরোধীরা যে সংশোধনী দিয়েছিলেন, সব খারিজ করে দেওয়া হয়। সিপিএমের সদস্য এলারামন করিম টুইট করে বলেন, ‘সদস্যদের সংশোধনী দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। কোভিড মোকাবিলায় সরকারের ব্যর্থতা ও পেগাসাস প্রসঙ্গের সংশোধনী খারিজ করে দেওয়া হয়েছে।’

তবে কৌশলে পেগাসাস প্রসঙ্গের উত্থাপন বন্ধ করা যায়নি। নিউইয়র্ক টাইমস–এ পেগাসাস সম্পর্কিত সাম্প্রতিক রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং ওই গণমাধ্যমকে ‘সুপারি মিডিয়া’ (টাকার বিনিময়ে কাজ করে) বলে অভিহিত করেছিলেন। কৌশলে সেই প্রসঙ্গ টেনে রাজ্যসভায় তৃণমূল সদস্য সুধাংশু শেখর রায় বলেন, ‘সংবাদমাধ্যমকে আমি কখনোই সুপারিখোর বলতে পারি না। সরকারের ওপর বিন্দুমাত্র বিশ্বাস না থাকলেও তাকে সুপারিখোর বলতে পারব না। দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। কিন্তু নিজেই নিজেকে প্রশ্ন করছি, নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদন কি মিথ্যা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিথ্যা? ফ্রান্স, জার্মানি, আমেরিকা মিথ্যা? অ্যাপল ও হোয়াটসঅ্যাপ যারা এনএসওর (ইসরায়েলি সংস্থা) বিরুদ্ধে মামলা করেছে, তারা মিথ্যা বলছে? পেগাসাস নিয়ে একমাত্র সত্য বলছে ভারত?’