ভারতে পোশাক কারখানায় আগুনে নিহত ১৩
ভারতের উত্তরাঞ্চলের শহর গাজিয়াবাদের একটি পোশাক কারখানায় আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য, শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এটা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগে যায়। এ কারণে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র ভাগওয়াত সিং সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, দিল্লির শহরতলিতে অবস্থিত গাজিয়াবাদের ওই কারখানায় যখন আগুন লাগে, তখন সেখানে ওই শ্রমিকেরা ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনাকবলিত ওই কারখানায় সাধারণত চামড়ার জ্যাকেট তৈরি করা হতো বলে তিনি জানান।
সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাব ও নিরাপত্তাব্যবস্থায় ত্রুটির কারণে দেশটির ছোট ছোট কারখানায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।