ভারতে প্রচণ্ড তাপ প্রবাহ আরও দুদিন

ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড তাপ প্রবাহ আরও দুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত সপ্তাহে এ রাজ্য দুটিতে প্রচণ্ড গরমে ১৭ শ ৭৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গানাতে ১০০জন প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার রয়টার্স ও এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হায়দরাবাদে আবহাওয়া অধিদপ্তরের প্রধান ওয়াইকে রেড্ডি বলেন, আর দুদিনের জন্য এ তাপ প্রবাহ সতর্কতা বাড়ানো হয়েছে। অষ্টম দিনের মতো তেলেঙ্গানাতে প্রচণ্ড তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
নিহত ব্যক্তিদের বেশির ভাগই নির্মাণ শ্রমিক, গৃহহীন ও বয়স্ক।সান স্ট্রোক ও পানিশূন্যতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
এরই মধ্যে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। কেননা গরমের কারণে মাথাব্যথা, মাথা ঘোরা ও জ্বরের রোগীর পরিমাণ অনেক বেড়ে গেছে।
প্রচণ্ড এ তাপ প্রবাহ জলবায়ু পরিবর্তনের ফল উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন, ভারতের উচিত এ তাপ প্রবাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা। যেমনটা বন্যা ও ভূমিকম্প হয়। একই সঙ্গে দুর্গত মানুষদের রক্ষার কৌশল নিতে হবে।
তবে আহমেদাবাদে প্রচণ্ড তাপ প্রবাহের কারণে মানুষের জীবন বাঁচাতে মন্দিরে, সরকারি ভবন ও বিপণিকেন্দ্রগুলোতে ‘শীতল স্থান’ তৈরি করেছে। ২০১০ সালে আহমেদাবাদে প্রচণ্ড গরমে ১৩ শ লোক প্রাণ হারায়।