ভারতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার উড়ল তেজস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিনের প্যারেডে প্রথমবারের মতো অংশ নেয় দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত যুদ্ধবিমান তেজস। এ ছাড়া বিশেষ সন্ত্রাস দমন বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডও (এনএসজি) প্রথমবারের মতো এতে অংশ নেয়।
রাজধানী নয়াদিল্লির রাজপথে অনুষ্ঠিত প্যারেডে প্রধান অতিথি ছিলেন আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্যারেড অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হতে পারে বলে গোয়েন্দা সতর্কতার পরিপ্রেক্ষিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবার। এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবারের মতো অংশ নেয় চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান তেজস। সেনাদের নেতৃত্বে ছিলেন সংযুক্ত আরব আমিরাত থেকে আসা সেনারা। এ নিয়ে ফ্রান্সের পর আরব আমিরাতই হলো দ্বিতীয় কোনো দেশ, যারা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেনা পাঠাল।
এদিকে আগরতলা প্রতিনিধি জানান, প্রজাতন্ত্র দিবসে বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর-পূর্ব মনিপুর ও আসামের একাধিক জায়গা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জঙ্গিরা আগে থেকেই দিনটি বয়কটের ডাক দিয়েছিল।