ভারতে প্রতিবাদের মুখে নিয়ন্ত্রণের নীতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক প্রতিবাদের মুখে ভারত সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের একটি নীতির খসড়া প্রত্যাহার করে নিয়েছে। প্রত্যাহার হওয়া প্রস্তাবিত ‘ন্যাশনাল এনক্রিপশন পলিসি’তে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহারকারীর আদান-প্রদান করা বার্তা ৯০ দিন পর্যন্ত মুছে না ফেলার বাধ্যবাধকতা ছিল। তবে টেলিকমমন্ত্রী রবি শংকর প্রসাদ গতকাল মঙ্গলবার জানিয়ে দেন, নানা মহল থেকে আশঙ্কা প্রকাশের পর সরকার ওই খসড়া নীতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

এনক্রিপশন হচ্ছে তথ্যকে বিশেষ পদ্ধতিতে গোপন সংকেতে রূপান্তরিত করার কৌশল। এতে করে অননুমোদিত ব্যক্তি সংশ্লিষ্ট তথ্যের মর্মার্থ উদ্ধার করতে পারবে না।

ন্যাশনাল এনক্রিপশন পলিসির খসড়া প্রস্তাবটি গত সোমবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ১৬ অক্টোবর পর্যন্ত এই নীতি নিয়ে সাধারণ মানুষের মতামত নেওয়ার কথা। তারপর হবে চূড়ান্ত নীতি ঘোষণা। কিন্তু প্রথম দিনেই সর্বস্তর থেকে এই খসড়ার বিরোধিতা শুরু হয়। অভিযোগ ওঠে, সরকার সাধারণ মানুষের অধিকার খর্ব করে তাদের ওপর নজরদারি চালানোর বন্দোবস্ত পাকা করে ফেলতে চাইছে। বহুত্ববাদী রাষ্ট্রকে ক্রমেই পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চলেছে।

নতুন নীতিটির খসড়া নিয়ে আশঙ্কা ও বিরোধিতার কারণ—এতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যম দিয়ে সাধারণ নাগরিক যা কিছু বার্তা আদান-প্রদান করবে, তা ৯০ দিন পর্যন্ত মুছে ফেলা যাবে না। সরকার চাইলেই সেই তথ্য জমা দিতে হবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ, গুগল হ্যাংআউট, ফেসবুক বা অ্যাপলের ফোন থেকে আসা বার্তা ৯০ দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে হবে। পুলিশ বা প্রশাসন চাইলেই তাদের হাতে সেই তথ্য তুলে দিতে হবে। না হলে শাস্তির খাঁড়া নেমে আসতে পারে। 

এই খসড়া নীতি প্রণয়নের প্রায় সঙ্গে সঙ্গেই নাগরিকদের ব্যক্তিগত অধিকারে রাষ্ট্রের অনধিকার হস্তক্ষেপের আশঙ্কা বড় হয়ে উঠতে থাকে। বিরোধী দল কংগ্রেসও তীব্র আক্রমণ চালায়। প্রবল চাপের মুখে নীতি প্রত্যাহার করে টেলিকমমন্ত্রী বললেন, সাধারণ মানুষের অধিকার খর্ব না করে নতুন নীতি আনা হবে।