ভারতে প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের থাকার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু নাগরিকেরা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ভারতে থেকে যেতে পারবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব নীতিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে সরকারের এই সিদ্ধান্ত রূপায়ণের কথা জানায়। মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অন্তত ২ লাখ অমুসলিম এই মুহূর্তে ভারতে বাস করছেন যাঁরা হয় ‘অত্যাচারিত হয়ে’ পালিয়ে এসেছেন, নয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও দেশে ফিরতে রাজি হচ্ছেন না।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দুই প্রতিবেশী রাষ্ট্র (বাংলাদেশ-পাকিস্তান) থেকে যেসব সংখ্যালঘু ভারতে এসেছেন, উপযুক্ত নথি না থাকলেও মানবিক কারণে তাঁদের বসবাস করতে দেওয়া হবে। ১৯২০ সালের পাসপোর্ট আইন এবং ১৯৪৬ সালের বিদেশি আইন মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করে তা সরকারি গেজেটভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানে বসবাসকারী হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের একাংশ বিভিন্ন কারণে ভারতে চলে আসছেন। এঁদের অনেকে বৈধ ভিসা নিয়ে এলেও মেয়াদ শেষে থেকে গিয়েছেন ‘অত্যাচারিত হওয়ার আশঙ্কায়’। অনেকে বৈধ অনুমতি ছাড়াই অনুপ্রবেশ করেছেন। মোদি-সরকার এঁদের দীর্ঘমেয়াদি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
লোকসভার নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গ ও আসামে গিয়ে নরেন্দ্র মোদি প্রতিবেশী রাষ্ট্র গুলি থেকে চলে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অমুসলিমদের তিনি ‘শরণার্থী’ ও মুসলিমদের তিনি ‘অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে বলেছিলেন, শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে। গত নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ধরনের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নিয়মনীতি অনেক শিথিল করেন।