ভারতে ফি কমানোর প্রস্তাবে ক্ষুব্ধ চিকিত্সকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সকেরা রোগীর কাছ থেকে সর্বোচ্চ কত টাকা ফি হিসেবে আদায় করতে পারবেন—এ বিষয়ে একটি সুনির্দিষ্ট মাপকাঠি নির্ধারণে সম্প্রতি ভারতের রাজ্যসভায় একটি প্রস্তাব উঠেছে।

রোগী ও মানবাধিকার কর্মীরা এ প্রস্তাবকে স্বাগত জানালেও দেশটির চিকিত্সক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, সম্প্রতি কংগ্রেস নেতা রেণুকা চৌধুরী ‘রেগুলাইজেশন অব ডক্টরস ফিস’ নামের ওই প্রস্তাবটি রাজ্যসভায় তোলেন। প্রস্তাবে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার কথা বলা হয়েছে। ওই কমিটি দেশটির চিকিত্সকদের ফি, তাঁরা রোগীদের কী ধরনের সেবা দিয়ে থাকেন, তা পর্যালোচনা করবে এবং এর ভিত্তিতে চিকিত্সা ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করবে। বর্তমানে জ্যেষ্ঠতা ও বিশেষজ্ঞ চিকিত্সকভেদে দেশটিতে রোগীদের কাছ থেকে শতাধিক থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত ফি আদায় করা হয়।

এরই মধ্যে এ প্রস্তাবের বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

আইএমএর সাধারণ সম্পাদক জয়েশ লেলে প্রশ্ন তোলেন, অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের ফির সর্বোচ্চ সীমা তো কখনো নির্ধারণ করা হয়নি। তাহলে শুধু চিকিত্সকদের ক্ষেত্রে কেন এটা হবে?