ভারতে ফেসবুকের ফ্রি বেসিকস সেবায় নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ভারতে ফ্রি বেসিকস ইন্টারনেট-সেবা দেওয়ার যে পরিকল্পনা করেছিল, তাতে গতকাল সোমবার নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নিরপেক্ষ ইন্টারনেট-সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপির।
নিরপেক্ষ সেবার মূল কথাই হলো ইন্টারনেটে সব রকমের সেবার জন্য গ্রাহকের কাছ থেকে একই হারে মূল্য নেওয়া। ফেসবুকের ওই ফ্রি বেসিকস প্রকল্প ভারতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এতে গ্রাহকদের কেবল নির্দিষ্ট কয়েকটি ওয়েবসাইট ব্যবহারের সুযোগ রাখা হয়, যা সামগ্রিক ইন্টারনেট নীতির লঙ্ঘন।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, তাঁরা ভারতীয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে হতাশ হলেও ইন্টারনেট-সেবা দেওয়ার পথে বিভিন্ন বাধা পেরোনোর চেষ্টা চালিয়ে যাবেন।
তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশন ভারতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।