ভারতে বইয়ে বর্ণবাদের ছাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী বিক্ষোভ হচ্ছে সারা বিশ্বেই। যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এই বিক্ষোভের শুরু। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্‌–প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছিল এমন একটি ইংরেজি বই, যেখানে বর্ণবাদের ছাপ রয়েছে। 

ভারতের ইংরেজি টিভি চ্যানেল এনডিটিভির অনলাইনের একটি খবরে বলা হয়, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে একটি ইংরেজি বইয়ে ‘ইউ’ অক্ষরের ব্যবহার বোঝাতে লেখা হয়েছে ‘আগলি’। সেই সঙ্গে ছাপা হয়েছে এক কৃষ্ণাঙ্গের ছবি। এই বিষয়ে অভিযোগ করা হয় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরে। অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, শিক্ষা অধিদপ্তর থেকে সুপারিশকৃত পাঠ্যবইগুলোতে অন্তর্ভুক্ত ছিল না বইটি। এটি ওই বিদ্যালয় নিজেরাই লেখে। 

লকডাউনের কারণে স্কুল বন্ধ। তাই বাড়িতেই একজন বাবা তাঁর ছেলেকে পড়াতে গিয়ে বিষয়টি টের পান। তিনি অন্যান্য অভিভাবককে বিষয়টি জানান। পরে শিক্ষা দপ্তরে অভিযোগ করেন কলকাতার বঙ্গবাসী (সান্ধ্য) কলেজের এক অধ্যাপক। পরে এই বিষয়ে অনেকেই সোচ্চার হন। এ নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। 

গত বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের মনের মধ্যে এ রকম কুসংস্কার ঢুকিয়ে দেওয়ার মতো কাজের বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। পরে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

তবে বরখাস্ত হওয়া শিক্ষকেরা বলেছেন, বিষয়টি তাঁদের নজর এড়িয়ে যায়। ইচ্ছাকৃতভাবে করা হয়নি।

বইটির প্রকাশক শিশিরকুমার পাল সংবাদমাধ্যমকে বলেন, ‘এই ত্রুটি অনিচ্ছাকৃত, নজর এড়িয়ে গেছে। ওই বই হাজার দুয়েক ছাপা হয়েছিল। তুলে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। গোটা ঘটনায় আমরা দুঃখিত।’