ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের বিমানঘাঁটিতে অভিযান তৃতীয় দিনে শেষ হলো। গতকাল সোমবার বিকেল নাগাদ সেনা ক্যানটিন গুঁড়িয়ে দেওয়ার পর সেখান থেকে পঞ্চম ও ষষ্ঠ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরই অভিযান সমাপ্তির ঘোষণা দেন কর্মকর্তারা। তবে জঙ্গিদের এই অভিযান বহু প্রশ্নের জন্ম দিয়ে গেল, যার ব্যাখ্যা এখনো অজানা।
অভিযানে রোববার নিহত হয়েছেন চার সন্ত্রসী। শুক্রবার ভোররাতে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে এ ঘটনায় মোট ছয়জন সন্ত্রাসী ও সাতজন সেনাসদস্য নিহত হলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল দুপুরে পরিস্থিতি পর্যালোচনায় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকেই ঠিক হয়, এই পরিস্থিতিতে অজিত দোভাল আপাতত চীন সফরে যাবেন না। আজ মঙ্গল ও কাল বুধবার চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াং যেইচির সঙ্গে সীমান্ত সমস্যা ও নিরাপত্তা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে দোভালের দুই দিনের বৈঠক হওয়ার কথা ছিল। পাঠানকোট হামলার পরিপ্রেক্ষিতে এই সফর আপাতত স্থগিত রাখা হলেও এ মাসের ১৪ ও ১৫ তারিখ ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠক অবশ্য এখনো অপরিবর্তিত। যদিও নানা মহল থেকে বৈঠক স্থগিত রাখার দাবি উঠতে শুরু করেছে।
দীর্ঘদিন বন্ধ থাকা দ্বিপক্ষীয় বৈঠক ফের শুরু হওয়ার আগেই ঘটে পাঠানকোট হামলা। গত রোববার পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সাবেক কূটনীতিক ও বিভিন্ন পাকিস্তান বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করেন। সরকারি সূত্র অনুযায়ী, অধিকাংশই মনে করেন, পাঠানকোটের জন্য দ্বিপক্ষীয় আলোচনা স্থগিত রাখা ঠিক হবে না। তবে কেউ কেউ বলেন, পাকিস্তান ঘটনার নিন্দা করলেও যদি রাষ্ট্রীয় মদদের কথা স্বীকার না করে, তাহলে বৈঠক অর্থহীন। তা বাতিল করা উচিত।
পাঠানকোট বিমানঘাঁটিতে চার জঙ্গি রোববার নিহত হওয়ার পর কোনো কোনো মহল থেকে মনে করা হচ্ছিল অভিযান শেষ। কিন্তু কিছু পর ফের গুলির শব্দ শোনা যায়। ভারতীয় সেনাবাহিনী, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ও বিমানবাহিনীর কমান্ডো বাহিনী গরুড়ের যৌথ চিরুনি তল্লাশিতে উঠে আসে, সেনা আবাসস্থলে একাধিক জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। রোববার শেষ রাত থেকে এই জঙ্গিদের নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়।
গোটা ঘটনাকে তিনটি ভাগে ভাগ করে তিনটির তদন্তই জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে তুলে দেওয়া হয়েছে। তিনটি ভাগের প্রথমটি ট্যাক্সিচালক হত্যা, দ্বিতীয়টি পাঞ্জাবের পুলিশ সুপার সালবিন্দর সিং ও তাঁর পাচককে অপহরণ এবং তৃতীয়টি বিমানঘাঁটিতে আক্রমণ।
গতকাল নতুন করে প্রশ্ন জেগেছে এই হামলা ঠিক কারা চালাল তা নিয়ে। সরকারি ধারণা ছিল, পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ এ জন্য দায়ী। কিন্তু গতকাল কাশ্মীরের জঙ্গি সংগঠন ইউনাইটেড জেহাদ কাউন্সিল এই হামলার দায় স্বীকার করেছে। এই সংগঠনের নেতা সালাউদ্দিন। তাঁর সঙ্গে পাকিস্তানের যোগাযোগ ঘনিষ্ঠ। দ্বিতীয় প্রশ্ন যা ভারতীয় গোয়েন্দাদের ভাবাচ্ছে, তা পাঞ্জাবকেন্দ্রিক। ছয় মাসের মধ্যে পাঞ্জাবে পরপর দুটি সন্ত্রাসী হামলা ঘটল। পাঞ্জাবে মাদকের রমরমা ক্রমশ বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, মাদক ব্যবসায়ীরা এ ঘটনার পেছনে কতখানি দায়ী। কিন্তু মোক্ষম প্রশ্নটি উঠেছে পাঞ্জাবের পুলিশ সুপার সালবিন্দর সিং ও তাঁর পাচককে অপহরণের ঘটনা নিয়ে। কেনইবা গাড়িসহ তাঁদের অপহরণ করা হলো, কেনইবা তাঁদের হত্যা করা হলো না, কেনইবা পুলিশ সুপারের বন্ধুকে আহত করা হলো—এই প্রশ্নগুলো গোয়েন্দাদের ভাবাতে শুরু করেছে। উচ্চ নিরাপত্তার বিমানঘাঁটিতে এতজন সবার চোখ এড়িয়ে কী করে ঢুকল, বিশেষ করে যখন দু্ দিন ধরে এমন আশঙ্কার করণে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল? ছয়জনেরই মৃত্যু হয়েছে বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের টুইট এবং পরক্ষণেই তা প্রত্যাহার করা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে কি স্বরাষ্ট্রমন্ত্রীকেও তথ্য সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছিল? ছয়জনের মধ্যে চারজন পুলিশ সুপারের ছিনতাই হওয়া গাড়িতে ছিল, বাকি দুজন কী করে কোথা দিয়ে বিমানঘাঁটিতে ঢুকল? এত গুরুত্বপূর্ণ এক বিমানঘাঁটি, পাকিস্তান ও কাশ্মীর যার আওতায়, যেখানে বিভিন্ন ধরনের মিগ ও এমআই কমব্যাট হেলিকপ্টার রাখা রয়েছে, রেড অ্যালার্ট সত্ত্বেও সেখানে ছয় জঙ্গি কী করে ঢোকে? তা-ও এত বিপুল অস্ত্র নিয়ে? পাঞ্জাব পুলিশ ও সেনাবাহিনীর দক্ষতাও এ জন্য প্রশ্নের মুখে পড়েছে।