ভারতে বাঘ বেড়েছে ৩০ শতাংশ
পৃথিবীব্যাপী বাঘের সংখ্যা কমার খবর প্রায়ই শোনা যায়। তবে ভারতের পরিবেশমন্ত্রী আজ মঙ্গলবার ঘোষণা করেছেন, দেশটিতে বাঘের সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে।
গত চার বছরে ভারতে বাঘের সংখ্যা ৫২২ টি বেড়েছে বলে সম্প্রতি পরিচালিত বাঘশুমারিতে তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকার আজ মঙ্গলবার দিল্লিতে সংবাদ সম্মেলনে শুমারির ফলাফল উপস্থাপন করেন। তিনি জানান, ভারতে বর্তমানে বাঘের সংখ্যা ২ হাজার ২২৬ টি। ২০১১ সালে ছিল ১ হাজার ৭০৬ টি। তিনি বলেন, সরকারের কিছু উদ্যোগ এই সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করেছে। উল্লেখ্য পুরো পৃথিবীর ৭০ শতাংশ বাঘের বাসই ভারতে।
ভারতের পরিবেশমন্ত্রী এ জরিপকে বিরাট সাফল্য হিসেবে অভিহিত করেন। তিনি জানান, ‘মোট বাঘের ৮০ শতাংশের ছবিই আমরা সংগ্রহ করতে পেরেছি। সারা পৃথিবীতে যেখানে বাঘের সংখ্যা কমছে, ভারতে বৃদ্ধি পাচ্ছে। এটি দারুণ সংবাদ। ’ তিনি আরও বলেন, ‘আমাদের নেওয়া উদ্যোগগুলো সফল হয়েছে। বিশ্বের অন্য দেশগুলো চাইলে আমাদের অনুসরণ করতে পারে। ’ বাঘের সংখ্যা ধরে রাখতে ভারত অন্যান্য দেশকে বাঘের বাচ্চা দিতে আগ্রহী বলেও জানান তিনি। জীববৈচিত্র্য নিয়ে আন্দোলনকারীরা বাঘের সংখ্যা কমে যাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।