ভারতে বাঘ বেড়েছে ৩০ শতাংশ
ভারতে গত তিন বছরে বাঘের সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। দেশটির সর্বশেষ বাঘশুমারিতে এই তথ্য পাওয়া গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বাঘশুমারির প্রতিবেদনে দেখা যায়, ২০১১ সালে ভারতে প্রাণীটির সংখ্যা ছিল ১ হাজার ৭০৬। ২০১৪ সালে সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ২২৬।
ভারতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকর শুমারির তথ্য প্রকাশ করে বলেন, সারা বিশ্বে যখন বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তখন ভারতে এ সংখ্যা বাড়ছে। এটা দারুণ খবর।
ভারতে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ (এনটিসিএ) তিন বছর পর পর এই শুমারি পরিচালনা করে। জাভাদেকর বলেন, এবারের বাঘশুমারিতে ৮০ শতাংশ বাঘের ছবি তোলা হয়েছে। এত ব্যাপক মাত্রায় কোনো শুমারি আগে হয়নি।
ভারত বিশ্বের ৭০ ভাগ বাঘের আবাসস্থল। কয়েক বছর ধরে দেশটিতে বাঘের সংখ্যা বাড়ছে। ২০০৮ সাল থেকেই এই
প্রবণতা স্পষ্ট। ওই বছর রাজসিক বন্য প্রাণীটির সংখ্যা ছিল ১ হাজার ৪১১।
বিশাল ভারতের ১৭ রাজ্যে বাঘ আছে। এর মধ্যে সবচেয়ে বেশি কর্ণাটকে। রাজ্যটিতে বাঘের সংখ্যা ৪০৮টি। এরপর আছে উত্তরাখন্ডে ৩৪০টি, মধ্যপ্রদেশে ৩০৮, তামিলনাড়ুতে ২২৯, মহারাষ্ট্রে ১৯০, আসামে ১৬৭, কেরালায় ১৩৬ এবং উত্তর প্রদেশে ১১৭।