ভারতে বাঘের আক্রমণে ১০ জনের মৃত্যু
সুন্দরবনের ভারতীয় অংশে গত তিন মাসে বাঘের আক্রমণে ১০ জন মৎস্যজীবী মারা গেছেন। গুরুতর আহত ১৫ জন। সুন্দরবনের নদীর খাড়িতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে তাঁরা বাঘের আক্রমণের শিকার হয়েছেন। সুন্দরবনের মৎস্যজীবী সংগঠনের বরাত দিয়ে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় পত্রিকায় এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত ১০ জন মৎস্যজীবী সুন্দরবনের নদীর খাড়িতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন। এই এলাকায় এ পেশায় কমপক্ষে ১৫ হাজার নারী-পুরুষ রয়েছেন। গোসাবা, মৈপীঠ, পাথর প্রতিমা, কুলতলি এলাকায় তাঁদের বাস।
নিহত ব্যক্তিরা হলেন গোসাবা এলাকার প্রদীপ মণ্ডল (২৭), সিরাজুল মণ্ডল (৫২) ও দীপক মণ্ডল (৩৫); পাথর প্রতিমা এলাকার বাচ্চু মল্লিক (৩৭) ও জগদীশ প্রধান (৩০); মৈপীঠ এলাকার সবিতা মুন্ডা (৪০), দীনেশ মাইতি (২৩), তপন বেরা (২০) ও দশরথ দাস (২৮) এবং কুলতলি এলাকার হামিদ আলী শেখ (৩৫)।
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পুরো সুন্দরবনের অবস্থান। এর মধ্যে বেশির ভাগ বাংলাদেশে। ভারতীয় সুন্দরবনে রয়েছে ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটারজুড়ে ব্যাঘ্র প্রকল্প এলাকা। আর ৫৫০ বর্গ কিলোমিটারজুড়ে আছে অভয়ারণ্য। এসব এলাকায় মৎস্যজীবীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তাঁরা প্রয়োজনীয় পাস নিয়ে বা বিনা অনুমোদনে অবৈধভাবে এসব এলাকায় ঢুকে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন।