ভারতে বাঙালি প্রধানমন্ত্রী চান প্রণব মুখার্জি

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশটিতে একজন বাঙালি প্রধানমন্ত্রী দেখতে চান। সোমবার পশ্চিমবঙ্গের হাওড়ায় এক অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন প্রণব মুখার্জি। ২০১২ সালের ২৫ জুলাই থেকে ২০১৭ সালের ২৫ জুলাই পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। এখন তিনি নয়াদিল্লিতে সরকারি বাসভবনে অবসরজীবন কাটাচ্ছেন।
ভারতের স্বাধীনতার এই ৭০ বছরে একজন বাঙালি ভারতের প্রধানমন্ত্রীর গদিতে বসতে পারেননি। ১৯৯৬ সালে বাম ও প্রগতিশীল জোট যুক্তফ্রন্টের আমলে প্রবীণ সিপিএম নেতা ও পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব এসেছিল। কিন্তু জ্যোতি বসুর দল সিপিএম তাতে সম্মত হয়নি। ফলে এই নিয়ে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভোটাভুটি হলে ২২-২৭ ভোটে খারিজ হয়ে যায় জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব।
সোমবার হাওড়ার আমতার তাজপুরে এম এন রায় ইনস্টিটিউশনের একটি অনুষ্ঠানে যান প্রণব মুখার্জি। ১৯৫৭ সালের ফেব্রুয়ারিতে এই স্কুলেই তিনি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। অনুষ্ঠানে স্মৃতিচারণায় তিনি বলেন, প্রথম কর্মজীবনের এই বিদ্যালয়ের কথা তিনি ভোলেননি। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতি হয়েছি ঠিকই। কিন্তু এখনো বাঙালি প্রধানমন্ত্রী আমরা পাইনি।’ এরপর তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী মমতা কী সুন্দরভাবে রাজ্য চালাচ্ছেন। নিজের দলকে শক্তিশালী করেছেন। নিজের মতো করে উন্নয়ন করছেন।’