ভারতে বাতিল পাকিস্তানি চলচ্চিত্র প্রদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি সংগঠনের আপত্তির মুখে ভারতের মুম্বাই শহরের একটি চলচ্চিত্র উৎসবে পাকিস্তানি চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করেছে উৎসবের আয়োজকেরা। পরমাণু শক্তিধর দুই বৈরী প্রতিবেশীর সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এ ঘটনা নতুন মাত্রা যোগ করল।
‘মামি মুম্বাই’ চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা আজ বলেছেন, তাঁরা ১৯৫৯ সালে পাকিস্তানে নির্মিত বিখ্যাত চলচ্চিত্র ‘জাগো হুয়া সাভেরার’ প্রদর্শন বন্ধ করেছেন। ‘সংঘর্ষ’ নামের স্থানীয় এক বেসরকারি সংগঠনের আপত্তির মুখে তারা এ সিদ্ধান্ত নেন। সংগঠনটি চলচ্চিত্র প্রদর্শনে আপত্তি জানিয়ে বলেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার পর এ চলচ্চিত্র প্রদর্শন উচিত নয়। ২০ থেকে ২৭ অক্টোবর এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।
১৮ সেপ্টেম্বর উরির হামলায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। যদিও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। উরি হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে ভারত। পাকিস্তান অবশ্য ভারতের এ দাবি অগ্রাহ্য করে।
মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে পাকিস্তানি চলচ্চিত্র প্রদর্শন বন্ধের ঘোষণার আগে ভারতের চলচ্চিত্র পরিবেশক সমিতি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী আছেন, এমন চলচ্চিত্র প্রদর্শন না করার ঘোষণা দেয়। এর আগে ভারতের হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ নামের একটি চলচ্চিত্র থেকে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে বাদ দেওয়ার জন্য চাপ দেয় চলচ্চিত্রটির নির্মাতাদের।