ভারতে বায়ুর মান নির্ণয় সূচক প্রকাশ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএফপি
ছবি: এএফপি

ভারত সরকার আজ সোমবার থেকে বায়ুর মান নির্ণয় সূচক প্রকাশ করতে শুরু করেছে। এতে ১০টি নগরের বায়ুর মান সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের রাজধানী নয়াদিল্লিকে পৃথিবীর সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে ঘোষণা করে। দেশটি এ প্রতিবেদন প্রত্যাখ্যান করলেও প্রচণ্ড চাপে ছিল তারা। এর পরিপ্রেক্ষিতে আজ বায়ুর মান নির্ণয় সূচক প্রকাশ করার উদ্যোগ নিয়েছে।
আজ এএফপির প্রতিবেদনে জানানো হয়, দেশটির পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেন, সরকার ১০টি শহরের বায়ুর মান নির্ণয় সূচক প্রকাশ করবে। ১২০ কোটি মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে সৃষ্ট উদ্বেগের ফলে সরকার এ উদ্যোগ নিয়েছে। এ জন্য একটি ওয়েব সাইট চালু করা হলেও সকাল থেকে সেখানে ঢোকা যাচ্ছিল না।
জাভাদেকার এই সূচক প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, শহর এলাকায় বায়ুর মান উন্নয়নে এই সূচক বড় ধরনের ভূমিকা রাখতে পারে। মানুষ যখন এই সূচক দেখবে, তখন তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। তখন তারা বায়ুদূষণ কমাতে নিজেরাই উদ্যোগী হবেন।
সরকার বায়ুর মান উন্নয়নে কী করবে, এ ব্যাপারে তেমন কিছু বলেননি মন্ত্রী। শুধু বলেছেন, নির্মাণসামগ্রীর বর্জ্য সরানোর বিষয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।

শহরগুলোতে হাজারো বাণিজ্যিক এলাকা ও যেসব জায়গায় নির্মাণ কাজ চলছে, সেসব জায়গার ধুলাবালি ও অজস্র গাড়ি থেকে বের হওয়া ধোঁয়া মিলে বায়ুকে বিষাক্ত করে তুলছে। যা প্রতিনিয়ত গ্রহণ করছে নগরবাসী। আক্রান্ত হয় ব্রংকাইটিস, ফুসফুসের ক্যানসার, হৃদ্‌রোগের মতো বিভিন্ন রোগে।

বোস্টনভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং দিল্লির এনার্জি রিসোর্সেস ইনস্টিটিউটের এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রতি বছর বায়ুদূষণের কারণে ভারতের রাজধানীতে অন্তত তিন হাজার মানুষ মারা যায়।

গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি সমীক্ষা প্রকাশ করে। সেখানে বলা হয় ১৬ শ শহরের মধ্যে দিল্লি হলো সবচেয়ে দূষিত শহর। যা চীনের রাজধানী বেইজিংকে পেছনে ফেলে দিয়েছে। তবে ভারত এ ফলাফল প্রত্যাখ্যান করলেও বেইজিংয়ের সঙ্গে দিল্লিকে তুলনার করার মতো পরিস্থিতিকে মেনে নিয়েছে।

নতুন এই সূচকে দিল্লি, আগ্রা, লক্ষ্ণৌ, বারানসি, ফরিদাবাদ, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের বায়ুর মান সম্পর্কে তথ্য থাকবে। তবে ধীরে ধীরে ৬৬টি শহরকে এই সূচকের আওতায় আনা হবে।