ভারতে বিজেপিকে মুসলিমদেরও পছন্দ বলে দলের দাবি

বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি আবদুল রশিদ আনসারি দাবি করেছেন, ভারতের ত্রিপুরা রাজ্যে বেশির ভাগ মুসলিমই এখন বিজেপিকে পছন্দ করছে। তবে তাঁর এই দাবিকে গুরুত্ব দিতে রাজি হননি বিরোধীরা।
গত শুক্রবার বিজেপি ক্ষমতায় আসার পর তিন দিনের ত্রিপুরা সফরে আসেন সংখ্যালঘু মোর্চার সভাপতি। আজ রোববার সকালে তিনি দিল্লি ফিরে যান।
ত্রিপুরা সফরকালে তিনি সংখ্যালঘু–অধ্যুষিত খোয়াই, তেলিয়ামুরা, বক্সনগর এবং আগরতলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। সর্বত্রই বেশ কিছু পরিবার সিপিএম ছেড়ে তাঁদের দলে যোগদান করেছে বলে দাবি বিজেপি নেতাদের।
ত্রিপুরা ছাড়ার আগে আনসারি সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘ত্রিপুরার সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিমরা এখন বিজেপিকেই বেশি পছন্দ করছেন। তাঁরা দলে দলে যোগ দিচ্ছেন বিজেপিতে।’

তবে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতির দাবিকে আমল দিতে নারাজ কংগ্রেস ও সিপিএম। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র তাপস দে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে দু-একজন যদি বিজেপিতে যোগ দেনও, সেটা বিজেপির অত্যাচারের ভয়ে। ভক্তিতে নয়। কারণ বিজেপি মুসলিমবিরোধী।’
একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, রাজ্য মন্ত্রিসভায় বা দলের কোনো গুরুত্বপূর্ণ পদে বিজেপি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিকে ঠাঁই দেয়নি।
সিপিএমও গুরুত্ব দিতে নারাজ আনসারির দাবিকে। সিপিএম নেতা তথা রাজ্য বিধানসভার সাবেক উপাধ্যক্ষ পবিত্র করের মতে, ‘বিজেপি মুসলিমবিরোধী। সবাই জানেন। রাজ্যের মুসলিমরাও সেটা ভালোই জানেন। বিজেপি গায়ের জোরে কাউকে সাময়িকভাবে দলে টানতে পারলেও রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষ বিজেপিবিরোধী।’