ভারতে বিদেশি সংখ্যালঘুদের বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে চলে আসা সংখ্যালঘুদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ বুধবার দীর্ঘমেয়াদি ভিসায় অবস্থান করা সংখ্যালঘুদের এই সুবিধা দেওয়ার বিষয়টি অনুমোদন করে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানান।
সিদ্ধান্ত অনুযায়ী, এই তিন প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতে চলে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, বৌদ্ধ ও পারসি সম্প্রদায়ের মানুষ ব্যাংক হিসাব খুলতে পারবেন এবং নিজেদের থাকা কিংবা নিজস্ব ব্যবসার জন্য জমি কেনার অনুমতি পাবেন। তাঁদের স্বনির্ভর হওয়ার অনুমতিও দেওয়া হবে। দেওয়া হবে প্যান কার্ড, আধার কার্ড ও ইস্যু করা হবে ড্রাইভিং লাইসেন্স। যে রাজ্যে তাঁরা বসবাস করছেন, সেখানে তাঁরা যাতে ইচ্ছেমতো যেকোনো স্থানে যাওয়া-আসা করতে পারেন, দেওয়া হচ্ছে সে অনুমতিও। এই মানুষজন তাঁদের ভিসা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফারও করতে পারবেন। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা ঠিক সময়ে নবায়ন না করালে যে জরিমানা দেওয়া হয়, তা মওকুফ করার অধিকারও এই সঙ্গে সরকারি কর্তাদের দেওয়া হলো। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া সংখ্যালঘুদের দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করার অনুমতিও দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, এই তিন দেশ থেকে চলে আসা সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। সে জন্য নাগরিকত্ব আইন, পাসপোর্ট আইনে পরিবর্তন আনা হচ্ছে। ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৫ আগস্টের আগে প্রায় দুই লাখ বিদেশি সংখ্যালঘুকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু তা না হওয়া পর্যন্ত এই বিদেশি সংখ্যালঘুদের নানা অসুবিধা সহ্য করতে হচ্ছিল। সেগুলো দূর করতেই এ সিদ্ধান্ত।
দেশের সাতটি রাজ্যের ১৬টি জেলার শাসকদের আগামী দুই বছরের জন্য বিশেষ ক্ষমতা দেওয়া হবে, যাতে তাঁরা নতুন নাগরিকদের জন্য নথিবদ্ধ হওয়ার কাজটি করবেন। এখন নাগরিকত্ব নথিভুক্ত করার ফি ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা। সংখ্যালঘুদের জন্য সেই ফি কমিয়ে ১০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।