ভারতে বিদেশি সংখ্যালঘুদের বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল বুধবার দীর্ঘমেয়াদি ভিসায় অবস্থান করা সংখ্যালঘুদের এই সুবিধা দেওয়ার বিষয়টি অনুমোদন করে। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বৈঠকের পর এ কথা জানান।

সিদ্ধান্ত অনুযায়ী, ওই তিন প্রতিবেশী রাষ্ট্র থেকে ভারতে চলে আসা হিন্দু, শিখ, খ্রিষ্টান, জৈন, বৌদ্ধ ও পারসি সম্প্রদায়ের মানুষ ব্যাংক খাতা খুলতে পারবে এবং জমি কেনার অনুমতি পাবে। তাদের স্বনির্ভর হওয়ার অনুমতিও দেওয়া হবে। দেওয়া হবে প্যান কার্ড, আধার কার্ড। ইস্যু করা হবে ড্রাইভিং লাইসেন্স। যে রাজ্যে তারা বসবাস করছে, সেখানে তারা যাতে ইচ্ছেমতো যেকোনো স্থানে যাওয়া-আসা করতে পারেন, দেওয়া হচ্ছে সেই অনুমতিও।

সংখ্যালঘুরা তাদের ভিসা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রান্সফারও করতে পারবে। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসা ঠিক সময়ে নবায়ন না করলে যে জরিমানা করা হয়, তা মওকুফ করার অধিকারও সংখ্যালঘুদের ক্ষেত্রে সরকারি কর্তাদের দেওয়া হলো। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া সংখ্যালঘুদের দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করার অনুমতিও দেওয়া হবে।