ভারতে বিপজ্জনক ভবনধসে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই নগরের বাইরে ৫০ বছরের পুরোনো জীর্ণ ভবনটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল সরকার। এরপরও সেখানে ছিলেন বাসিন্দারা। গতকাল সোমবার রাতে ভবনটি হঠাৎ ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় বাসিন্দাদের মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, উদ্ধারকর্মীরা বলছেন তাঁরা খোঁজ করে দেখছেন ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আছেন কি না। ন্যাশনাল ডাইজেস্টার টার রেসপন্স ফোর্সের কর্মকর্তা অলোক অবস্তি বলেন, ধ্বংসস্তূপ থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন।

অবস্তির ভাষ্য, থেন শহরের নৌপাদা এলাকায় অবস্থিত ওই ভবনটি ৫০ বছরের পুরোনো। দুই বছর আগেই সরকার ভবনটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে। এরপরও লোকজন সেখানে বাস করতেন।

ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা একটি পরিবারের পাঁচজনকে উদ্ধার করেছেন। তাঁদের ধারণা, ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেকে জীবিত অবস্থায় থাকতে পারেন।

গত সপ্তাহেই মুম্বাইতে আরেকটি ভবনধসের ঘটনা ঘটে। সেখানে নয়জনের মৃত্যু হয়। ভারী বৃষ্টিতে পুরোনো ওই ভবনটি ধসে যায়।