ভারতে বিষাক্ত ফল খেয়ে কিশোরী অ্যাথলেটের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেরালা রাজ্যে বিষাক্ত ফল খেয়ে এক কিশোরী অ্যাথলেটের মৃত্যু হয়েছে। একই ফল খাওয়া তার তিন সঙ্গীর অবস্থা আশঙ্কাজনক। প্রশিক্ষকদের নিপীড়নের কারণে চার কিশোরী আত্মহত্যা করতে ওই ফল খেয়েছিল বলে দাবি করেছে তাদের পরিবার। খবর হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার।
কেরালার আলাপুজ্জায় সরকারি স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (এসএআই) হোস্টেলে গত বুধবার রাতে ওই চার মেয়ে স্থানীয় একধরনের বিষাক্ত ফল খায়। রাতেই তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার অপর্ণা রামাচন্দ্রণ নামের এক কিশোরীর মৃত্যু হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ কিশোরীদের কক্ষ থেকে আত্মহত্যার চিরকুট উদ্ধার করেছে। পুলিশেরও ধারণা, হোস্টেলের জ্যেষ্ঠদের আচরণ এবং প্রশিক্ষকের দুর্ব্যবহারের জন্যই তারা আত্মহত্যার চেষ্টা করেছে।
চার কিশোরীকে তাদের প্রশিক্ষক পিটিয়েছিলেন বলে অভিযোগ করেছে এদের মধ্যে একটি মেয়ের পরিবার। কয়েকজন আত্মীয়ের অভিযোগ, ওই এসএআইয়ের প্রশিক্ষকের আচরণ অত্যন্ত রূঢ়। এর আগেও ওই মেয়েরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিল। তবে এসএআইয়ের এক কর্মকর্তা ওই কিশোরীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল কিশোরীদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। এসএআইয়ের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।