ভারতে ভুয়া খবর রুখতে নতুন নির্দেশিকা

ভুয়া সংবাদ প্রকাশ ও প্রচার রুখতে এবার ভারতের কেন্দ্রীয় সরকার নতুন এক নির্দেশিকা জারি করেছে।
গতকাল সোমবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সংবাদপত্র বা সংবাদ চ্যানেলে প্রকাশিত-প্রচারিত সংবাদ ভুয়া বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট সাংবাদিকের সরকারি পরিচয়পত্র (অ্যাক্রেডিটেশন কার্ড) বাতিল করা হবে।
নির্দেশিকায় বলা হয়, প্রকাশিত বা প্রচারিত খবর সঠিক কি না, তা যাচাই করে দেখবে ভারতের দুটি সংস্থা। সংস্থা দুটি হলো প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই) ও নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন (এনবিএ)।
সংবাদপত্রের ভুয়া খবরের বিষয়টি যাচাই করবে পিসিআই। আর সংবাদ চ্যানেলের (বিভিন্ন টিভি চ্যানেল) ভুয়া খবর যাচাই করবে এনবিএ।
প্রকাশিত বা প্রচারিত খবর ভুয়া কি না, তা যাচাইয়ের জন্য পাঠানো হবে সংশ্লিষ্ট দুটি সংস্থায়। কর্তৃপক্ষ দুই সপ্তাহের মধ্যে খবরের সত্যতা বিচার করে দেখবে। তত দিন সংশ্লিষ্ট সাংবাদিকের সরকারি পরিচয়পত্র স্থগিত থাকবে। যাচাইয়ের পর যদি দেখা যায় খবর ভুয়া, তবে সংশ্লিষ্ট সাংবাদিকের সরকারি পরিচয়পত্র প্রথমবার ছয় মাসের জন্য স্থগিত করা হবে। দ্বিতীয়বার একই ভুল করলে ওই সাংবাদিকের সরকারি পরিচয়পত্র এক বছরের জন্য স্থগিত করা হবে। আর তৃতীয়বার একই ভুল করলে আজীবনের জন্য ওই সাংবাদিকের সরকারি পরিচয়পত্র বাতিল করা হবে। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি গতকাল এসব তথ্য জানান।
নির্দেশিকাটি জারির পর ভারতের এডিটরস গিল্ড জানিয়েছে, তারা সরকারের নির্দেশিকাটি খতিয়ে দেখছে। আজ মঙ্গলবার এ ব্যাপারে তারা একটি বিবৃতি দিতে পারে। এ নিয়ে আজ বিকেলে নয়াদিল্লি প্রেসক্লাবে একটি বৈঠকও ডাকা হয়েছে।
আপাতত ডিজিটাল পোর্টাল ও ওয়েবসাইটগুলোকে এই নির্দেশিকায় আনা হয়নি। তবে গত রাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি এক টুইট বার্তায় জানান, এ ব্যাপারে আলাদা কমিটি করা হচ্ছে। তাদেরও একই নির্দেশিকার আওতায় আনা হবে।
নির্দেশিকা জারির পর বিরোধীরা প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, খবর যে ভুয়া, তা কে ঠিক করবে? ‘ভুয়া খবর’ বলে সাংবাদিকদের হেনস্তা করা হবে না তো? প্রবীণ কংগ্রেস নেতা ও সাংসদ আহমেদ প্যাটেলের এই প্রশ্নের উত্তরে স্মৃতি ইরানি জানিয়ে দেন, খবর ভুয়ো কি না, তা ঠিক করবে পিসিআই ও এনবিএ। এই দুটি সংস্থা সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। সুতরাং আশঙ্কার কিছু নেই।
স্মৃতি ইরানির আশ্বাস সত্ত্বেও বিরোধীদের মন থেকে আশঙ্কা কাটছে না।