ভারতে মাওবাদী হামলায় নিহত ২৬ জওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় রাজ্যের সুকমায় আজ সোমবার দুপুরে মাওবাদীদের অতর্কিত হামলায় সিআরপিএফের (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) ২৬ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হন ছয়জন। গুরুতর আহত পাঁচজনকে রাজধানী রায়পুরের রামকৃষ্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিআরপিএফের ৭৪ ব্যাটালিয়নের এই জওয়ানেরা মহাসড়কে পাহারার দায়িত্বে ছিল। আজ দুপুরে তাঁরা সুকমার বুরকাপাল-চিত্মাগুম্ফা এলাকায় টহল দেওয়ার সময় ওত পেতে থাকা প্রায় ৩০০ মাওবাদীর একটি দল চারদিক ঘিরে অতর্কিত হামলা চালায় তাঁদের ওপর। এ সময় মাওবাদীরা গ্রামবাসীদের সামনে এনে তাদের ঢাল করে। মাওবাদীদের হাতে ছিল ইনসাস রাইফেল, একে-৪৭ এবং লাইট মেশিনগানসহ আগ্নেয়াস্ত্র। এ সংঘর্ষে বেশ কয়েকজন মাওবাদীও নিহত হয় বলে দাবি করেছে সিআরপিএফ। তবে তাদের সংখ্যা জানা যায়নি। ছত্রিশগড়ের দান্তেওয়ারা রেঞ্জের ডিআইজি সুন্দর মাওবাদীদের এ হামলার কথা স্বীকার করে বলেছেন, দুর্ঘটনাকবলিত এলাকায় কোবরা বাহিনী পাঠানো হয়েছে। মাওবাদীদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। এ ঘটনার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং জরুরি বৈঠক ডেকেছেন।