ভারতে মুখ বন্ধে নয়া ফরমান
ক্ষমতা লাভের অষ্টম বছরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আমলাশাহির কাছ থেকে কোনো রকম বিপদের আশঙ্কা করছেন? প্রশ্নটা তুলে দিল নতুন এক সরকারি ফরমান। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা কিংবা অখণ্ডতার সঙ্গে সম্পর্কযুক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জারি সেই ফরমানে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তাঁরা কেউ নিজেদের অভিজ্ঞতা বা অভিমতের কথা লিখতে বা বলতে পারবেন না। নির্দেশের অন্যথা হলে তাঁদের অবসরকালীন পেনশন অনিশ্চিত হয়ে যাবে। গত সোমবার রাতে প্রধানমন্ত্রীর অধীন কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ফরমান জারি করা হয়।
এই নির্দেশের আওতায় সরাসরি পড়ছেন গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী, দেশের জাতীয় নিরাপত্তা, সংহতি ও সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত সরকারি আমলারা। বৈজ্ঞানিক ও অর্থনৈতিক স্বার্থ এবং কৌশলগত বিষয়ের সঙ্গেও যাঁরা যুক্ত ছিলেন, তাঁরাও এই নির্দেশের আওতাভুক্ত হচ্ছেন। আমলাশাহি মনে করছে, এই নির্দেশিকার পরিধি সরকার তার ইচ্ছামতো বাড়াতে পারবে। ফলে দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও স্বার্থের ব্যাখ্যা দিয়ে প্রকারান্তরে গোটা আমলাশাহিকেই সরকার এই বিজ্ঞপ্তির আওতাভুক্ত করে দিতে পারবে। জেল-জরিমানার পাশাপাশি পেনশন পাওয়া না-পাওয়ার বিষয়টি এর সঙ্গে জুড়ে দেওয়ার মধ্য দিয়ে সরকার সব আমলার মুখ বন্ধ করার পথ প্রশস্ত করল বলেই রাজনৈতিক মহল মনে করছে। এর ফলে এখন থেকে অবসরপ্রাপ্ত কোনো সরকারি কর্মকর্তা সরকারি অনুমতি ছাড়া প্রায় কোনো বিষয়েই মুখ খুলতে পারবেন না।
সদ্য অবসর নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে ‘লড়াই’ শুরু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আলাপনকে ‘শোকজ’ করার চিঠি ও নতুন নির্দেশিকা একই দিনে জারি হয়।
সরকারবিরোধী সাবেক আমলাদের সংস্থা ‘কনস্টিটিউশনাল কনডাক্ট গ্রুপ’-এর এক পদাধিকারী এই প্রসঙ্গে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা শিগগিরই আনুষ্ঠানিকভাবে আমাদের অভিমত জানাব। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, নানা কারণে সরকার ভয় পেয়েছে। অনিষ্ট আশঙ্কা করছে। সেই জন্য আমলাশাহিকে চাপে রাখতে চাইছে, যাতে স্পর্শকাতর তথ্য প্রকাশিত না হয়। সরকারের সমালোচনা না হয়।’ ওই সাবেক আমলা বলেন, সরকার ও দেশ সমার্থক নয়। কিন্তু সরকার মনে করছে, তার বিরোধিতা দেশ বিরোধিতারই নামান্তর।
এই নির্দেশিকা জারির ঠিক আগেই দেশদ্রোহ নিয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছেন। সারা দেশে যেভাবে তুচ্ছাতিতুচ্ছ কারণে দেশদ্রোহের অভিযোগ দাখিল হচ্ছে, তাতে বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলেছেন, দেশদ্রোহের সংজ্ঞা নতুনভাবে তৈরি করতে হবে। কেন্দ্রের শাসক দল বিজেপির দুশ্চিন্তার আরও এক কারণ কোভিড মোকাবিলা নিয়ে দেশব্যাপী অসন্তোষ। ক্ষোভের সামাল দিতে উত্তর প্রদেশের বিজেপি সরকার যা করছে, যেভাবে নির্বিচার ধরপাকড় শুরু হয়েছে, শাসকদলীয় সাংসদ-বিধায়কেরাও তাতে ক্ষিপ্ত।
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে উত্তর প্রদেশ বিধানসভার ভোট। সর্বাত্মক অসন্তোষ চাপা দিতেই তাই সাবেক আমলাশাহির ওপর এই নিষেধাজ্ঞা জারি বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের এক শীর্ষ নেতার ব্যাখ্যা, এমন ধরনের বহু নিষেধাজ্ঞা আগামী দিনে সরকার আরও জারি করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কোনোরকম সরকারি নথি প্রকাশ পাক, সরকার তা চায় না। ওই নেতার ধারণা, সরকার দুটি বিষয় চাপা দিতে চায়। একটি রাফাল কেলেঙ্কারি, অন্যটি পূর্ব লাদাখে চীনা আগ্রাসন ও ভারতের জমি দখল। তিনি বলেন, সরকার চায় না ভোটের আগে এমন কিছু প্রকাশ হোক, যাতে মোদির ভাবমূর্তি নষ্ট হয় ও তৃতীয়বারের মতো সরকার গড়ন অনিশ্চিত হয়ে পড়ে।