ভারতে মুসলমানদের ভোট বাতিলের দাবি শিবসেনার
ভারতের মুসলমানদের ভোটাধিকার বাতিল করার দাবি জানিয়েছে দেশটির উগ্রপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনা। দলটি বলেছে তাদের প্রতিষ্ঠাতা বাল ঠাকরে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পক্ষে যে দাবি তুলেছিলেন তা সঠিক ছিল।
দলীয় মুখপত্র ‘সামানা’য় আজ রবিবার প্রকাশিত সম্পাদকীয়তে এমনটাই বলেছে শিবসেনা। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়।
শিবসেনার দাবি, মুসলমানেরা ভোটব্যাংকের রাজনীতি করছে। দেশটির ধর্মনিরপেক্ষ দলগুলো এই ভোটব্যাংকের সুযোগ নিচ্ছে। এ ছাড়া হায়দারাবাদের রাজনৈতিক দল অল ইন্ডিয়ান মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন ও দলটির নেতা আসাদুদ্দিন সাংসদ ওয়াইসিকে ‘বিষাক্ত সাপ’ বলেও মন্তব্য করেছে দলটি।
‘সামানা’র সম্পাদকীয়তে বলা হয়, ‘মুসলমানেরা তাদের শিক্ষা ও অর্থকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে। যদি মুসলমানদের শুধুমাত্র রাজনীতি করার জন্য এভাবে ব্যবহার করা হয়, তাহলে তারা কখনোই উন্নতি করতে পারবে না। যতদিন পর্যন্ত মুসলমানদের ভোটের রাজনীতিতে ব্যবহার করা হবে ততদিন পর্যন্ত তাদের কোনো ভবিষ্যৎ নেই। এবং এ কারণেই বালা সাহেব (বাল ঠাকরের সম্মানসূচক নাম) এক সময় মুসলমানদের ভোটাধিকার প্রত্যাহার করতে বলেছিলেন। তিনি যা বলেছিলেন ঠিকই বলেছিলেন।’
মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে কিছুদিন আগে শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরেকে হায়দারাবাদ আসার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিলেন। সেটিকে উদ্দেশ করে সম্পাদকীয়টিতে বলা হয়, ‘ওয়াইসি আমাদের হায়দারাবাদ যেতে বলেছে। কিন্তু তার কাছে আমরা জানতে চাই, হায়দারাবাদ কি ভারতে নাকি লাহোরে, করাচিতে নাকি পেশোয়ারে? মারাঠিরা শুধু এখানেই এমন বুক ফুলিয়ে কথা বলে না। তাদের গর্বের কথা পাকিস্তান, আফগানিস্তান বা কান্দাহার পর্যন্ত বিস্তৃত।’
সম্পাদকীয়তে বলা হয়, মুসলমানদের ভোটাধিকার বাতিল করা হলে যেসব মুখোশধারী ধর্মনিরপেক্ষ দল মুসলমানদের ভোট পাওয়ার আশায় মায়াকান্না করে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে।