ভারতে মুসলমানরা অস্বস্তিতে আছেন: হামিদ আনসারি
ভারতের মুসলমানরা অস্বস্তিতে রয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তিনি বলেছেন, মুসলমানরা এ দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সব ধর্ম ও সংস্কৃতির প্রতি সহিষ্ণুতারও ঘাটতি দেখা যাচ্ছে।
এদিকে সংখ্যালঘুর ব্যাপারে হামিদ আনসারির কথা বলাকে রাজনৈতিক উদ্দেশ্যে বলে মন্তব্য করেছেন দেশটির পরবর্তী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
হামিদ আনসারি গতকাল বুধবার বলেন, ভারতে এখন ‘গ্রহণযোগ্যতার পরিবেশ’ হুমকির মুখে রয়েছে। দ্বিতীয়বারের মতো পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগের দিন আনসারি বললেন, গরুর ব্যাপারে ‘অসহিষ্ণুতা’ ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার তাঁর মেয়াদ শেষ হয়েছে।
রাজ্যসভা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামিদ আনসারি বলেন, মুসলমানদের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গরুসংক্রান্ত নিষেধাজ্ঞা এবং ঘরে ফেরা (ঘর ওয়াপসি) কর্মসূচির কারণে এ অসহনশীলতা বেড়েছে। এ কারণে ভারতীয় মূল্যবোধ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হামিদ আনসারি দাবি করেন, দেশের মধ্যে অসহনশীলতা ও নজরদারির পরিবেশ তৈরি করা হয়েছে। ফলে নিরাপত্তাহীনতার শিকার হয়েছে মুসলিম সম্প্রদায়।
যেভাবে যেকোনো ভারতীয় নাগরিকের জাতীয়তাবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তা অত্যন্ত অস্বস্তিকর বলে মন্তব্য করে বিদায়ী উপরাষ্ট্রপতি বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী বহু মতকে সম্মান করেই আমরা ভারতীয় সমাজে বাস করে আসছি, যা এখন সংকটের মুখে পড়েছে।’
রাজনৈতিক ফায়দা লুটতে সংখ্যালঘু নিয়ে কথা
সংখ্যালঘুর ব্যাপারে হামিদ আনসারির কথা বলাকে রাজনৈতিক উদ্দেশ্যে বলে মন্তব্য করেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। বৃহস্পতিবার তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লুটার জন্য অনেকে সংখ্যালঘু নিয়ে কথা বলছেন।
পরবর্তী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘নিজেদের মধ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ হলো ভারতীয়দের দর্শন। মানুষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সংখ্যালঘু বিষয়টি ব্যবহার করার চেষ্টা করছেন।’ এ ছাড়া ভারত সবচেয়ে সহনশীল দেশ বলেও তিনি দাবি করেছেন।
বিজেপির সাবেক এই মন্ত্রী বলেন, ‘ভারত হলো বিশ্বের সবচেয়ে সহনশীল একটি দেশ...দুর্ভাগ্যবশত কেউ কেউ এটাকে ছোট করে দেখাতে চাচ্ছেন। ভারত ধর্মনিরপেক্ষতার একটি আদর্শ মডেল।’
ভেঙ্কাইয়া নাইডু বলেন, রাজনীতিতে তিনটি এস-এর বিষয় আছে। এগুলো হলো ক্যাশ, (টাকা) কাস্ট (বর্ণ) এবং কমিউনিটি (সম্প্রদায়)। আমরা চারটি এস-এর বিষয়ের দিকে তাকাতে চাই। কেরেকটার (চরিত্র), ক্যালিবার (ধীশক্তি) ক্যাপাসিটি (ধারণশক্তি) এবং কনডাকট (আচরণ)। অ্যাজেন্ডা হওয়া উচিত দেশের উন্নয়ন। তথ্যসূত্র: ইন্ডিয়ান একপ্রেস ও এনডিটিভি।