ভারতে যাওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ভারতে আশ্রয় দান ও গণহত্যা বন্ধের দাবিতে কলকাতার পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের একাংশ। ছবি: ভাস্কর মুখার্জি
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ভারতে আশ্রয় দান ও গণহত্যা বন্ধের দাবিতে কলকাতার পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের একাংশ। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতে যাওয়া মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার দাবিতে কলকাতায় মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিভিন্ন মুসলিম সংগঠন। একই সঙ্গে সংগঠনগুলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে।

আজ সোমবার বিকেলে কলকাতার পার্ক সার্কাস থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভা হয়। এ সময় প্রতিবাদকারীরা কলকাতায় মিয়ানমার কনস্যুলেট অফিসে স্মারকলিপি জমা দিয়েছেন। আয়োজন সংগঠনগুলোর মধ্যে ছিল জামায়াতে ইসলামি হিন্দ, সংখ্যালঘু যুব ফেডারেশন, মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন ও জমিয়তে ওলামায়ে বাংলা।

প্রতিবাদ সভায় জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন বলেন, মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। ভারতে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় নিয়েছেন, তাঁদের পুনর্বাসন করতে হবে। এখানে বসবাসের অধিকার দিতে হবে। তিনি রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ারও দাবি জানিয়েছেন।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ভারতে আশ্রয় দান ও গণহত্যা বন্ধের দাবিতে কলকাতায় আয়োজিত প্রতিবাদ সভায় পোস্টার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদকারীরা। ছবি: ভাস্কর মুখার্জি
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ভারতে আশ্রয় দান ও গণহত্যা বন্ধের দাবিতে কলকাতায় আয়োজিত প্রতিবাদ সভায় পোস্টার ও ফেস্টুন নিয়ে প্রতিবাদকারীরা। ছবি: ভাস্কর মুখার্জি

বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী দেশগুলো যেভাবে মুখে কুলুপ এঁটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আজকে যারা এই গণহত্যার সঙ্গে জড়িত, তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। কেড়ে নিতে হবে শান্তির জন্য অং সান সু চির পাওয়া নোবেল পদক।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন রাজ্য সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের চেয়ারম্যান ত্বহা সিদ্দিক, জমিয়তে ওলামায়ে বাংলার সভাপতি বাহাউদ্দিন সিদ্দিকি প্রমুখ।

এর আগে বিকেলে কলকাতায় মিয়ানমারের কনস্যুলেট অফিসে বিভিন্ন দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

৭ সেপ্টেম্বর কলকাতায় স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া বা এসআইও পশ্চিমবঙ্গ শাখাও মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।