ভারতে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির লাগোয়া উত্তর প্রদেশের বিসাদা গ্রামে গরু-গুজবে পিটিয়ে হত্যা নিয়ে চলছে ভারতীয় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি। আর রাজনৈতিক এই কাদা ছোড়াছুড়ির মধ্যে বিসাদা গ্রাম থেকে শঙ্কিত মুসলমান পরিবারগুলো অন্যত্র চলে যাওয়ার তোড়জোড় করছে।
কংগ্রেস ও সিপিএমের অভিযোগ, বিসাদার বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। উত্তর প্রদেশের কোনায় কোনায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে ক্ষমতা দখলের জন্য বিজেপি যে চক্রান্ত করেছে, এ ঘটনা তারই অংশ। তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
গোপনে গরু জবাই করা হয়েছে—এ গুজবের ভিত্তিতে মোহাম্মদ একলাখ নামের এক প্রৌঢ়ের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে মারে হিন্দু সম্প্রদায়ের একদল লোক। তবে পুলিশ বাড়িতে পাওয়া মাংস পরীক্ষার পর তা ছাগলের বলে জানিয়েছে।
১৫ হাজার অধিবাসীর বড়সড় গ্রাম বিসাদায় ৫০টি মুসলমান পরিবারের বাস। গতকাল বৃহস্পতিবার সেখানে যাওয়া সিপিএম নেত্রী বৃন্দা কারাত বলেছেন, হাজার খানেক পুলিশ গ্রামটিতে মোতায়েন থাকলেও সংখ্যালঘুরা অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন।
এই প্রথম বিসাদা গ্রামে এ ধরনের সাম্প্রদায়িক ঘটনা ঘটল। রাজনৈতিক নেতারা সে কারণেই এর মধ্যে বৃহত্তর কোনো চক্রান্ত রয়েছে বলে মনে করছেন।
সিপিএম নেত্রী বৃন্দা কারাত গতকাল বৃহত্তর নয়ডার এই গ্রামে নিহত মোহাম্মদ একলাখের বাড়িতে যান। তিনি গ্রামের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে বলেন।
কংগ্রেস মুখপাত্র আরপিএন সিং বলেছেন, বিজেপির আমলে দেশের সম্প্রীতি যে তলানিতে এসে ঠেকবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে ভয়ের রাজত্ব শুরু হওয়ার এটা প্রথম ধাপ। আম আদমি পার্টি ঠিক করেছে, রাজ্যপালের সঙ্গে দেখা করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই ঘটনার সঙ্গে দলের সংস্রব নেই বলে দাবি করেছে। সভাপতি অমিত শাহ সবাইকে সংযত থাকতে নির্দেশ দিয়েছেন।