ভারতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপরতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দুই পক্ষেই তৎপরতা শুরু হলো। গতকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর বিজেপির মন্ত্রীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করেন। এরপরই দলের পক্ষ থেকে জানানো হয়, বিজেপির তিন শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও অর্থমন্ত্রী অরুণ জেটলি শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে আলোচনায় বসবেন।

কংগ্রেসের উদ্যোগে ১৭ বিরোধী দল ইতিমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে বলেছে, রাষ্ট্রপতি পদে সর্বজনগ্রাহ্য এমন কাউকে পছন্দ করা দরকার, যিনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। এই লক্ষ্যে পছন্দসই প্রার্থী বাছতে বিভিন্ন দলের ১০ সদস্যের এক কমিটিও গঠন করা হয়। বিরোধীরা চায় প্রণব মুখার্জিকেই দ্বিতীয়বার রাষ্ট্রপতি করা হোক। কিন্তু বিজেপি চায় তাদের নীতিতে বিশ্বাসী কাউকে রাষ্ট্রপতি করতে। প্রণব মুখার্জি আবার বিরোধী প্রার্থী হিসেবে সরকারি প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী নন।