ভারতে লকডাউন আরও শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। মাস্ক পরে বেরিয়েছেন শিক্ষার্থীরা। কোচি, ভারত। ছবি: রয়টার্স
ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। মাস্ক পরে বেরিয়েছেন শিক্ষার্থীরা। কোচি, ভারত। ছবি: রয়টার্স

ভারতে দেশজোড়া লকডাউনের মাসপূর্তির সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা আরও কিছুটা শিথিল করা হলো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান শুরু থেকেই লকডাউনের আওতার বাইরে ছিল। তার সঙ্গে যুক্ত হলো আরও কিছু দোকান। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার গভীর রাতে জানায়, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের গ্রামীণ ও শহর এলাকায় ‘শপস অ্যান্ড এসটাব্লিশমেন্ট আইনের’ আওতায় থাকা কিছু কিছু দোকান আজ শনিবার থেকে খোলা যাবে। তবে সেই সব দোকান খোলা যাবে ওই সব এলাকায় যেখানে করোনা সংক্রমণ নেই।

নতুন নির্দেশ অনুযায়ী সেলুন, দরজির দোকানের মতো সাধারণ মানুষের জীবিকা নির্বাহী দোকান খোলা যাবে। তবে এই শিথিলতার সঙ্গে কিছু শর্তও জোড়া হয়েছে। যেমন, এলাকা ভিত্তিক দোকান-বাজার খোলা গেলেও কোনো মল, শপিং কমপ্লেক্স, সিনেমা-থিয়েটার, ব্র্যান্ডেড দোকান, জিম খোলা যাবে না। খোলা যাবে না মদের দোকানও।

নির্দেশিকায় বলা হয়েছে, অনুমতি দেওয়া ব্যবসাগুলো চালাতে হবে ৫০ শতাংশ কর্মী দিয়ে। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দোকানের মালিক-কর্মীদের প্রত্যেককে মাস্ক ও গ্লাভস পরে থাকতে হবে। শহর এলাকায় অত্যাবশ্যক পণ্য ছাড়াও অন্য দোকানপাট খোলা যাবে যদি তা রেসিডেন্সিয়াল এলাকায় হয়।

শনিবার থেকে এই নির্দেশিকা কার্যকর হলেও রাজধানী-রাজ্য দিল্লি ও আসাম এখনই তা বলবৎ করতে রাজি হয়নি। আসাম সরকার জানিয়েছে, সোমবার, ২৭ এপ্রিলের আগে নিষেধাজ্ঞা শিথিল করা নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। দিল্লি সরকার জানিয়েছে, আজ তারা পরিস্থিতি বিচার করবে। তারপর সিদ্ধান্ত।

দেশে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে। দিল্লির প্রায় সব কটি জেলাই আক্রান্ত। সব মিলিয়ে হট স্পটের সংখ্যা শতাধিক। কাজেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন কিছু করতে চান না যাতে হিতে বিপরীত হয়। সেই জন্যই এলাকা ভিত্তিক পরিস্থিতি জরিপ করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা শনিবারে রেকর্ড করেছে। মারা গেছেন ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৯। এর অর্ধেক আক্রান্ত মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লিতে। এই তিন রাজ্য ছাড়া কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু নিয়েও সরকার চিন্তিত। রাজ্যের মোট ৪৭৫ জন রোগীর মধ্যে বেঙ্গালুরুতেই সংক্রমিত ১২৯ জন।

গত এক মাসের নিষেধাজ্ঞা ও রোগ বিস্তারের যাবতীয় খুঁটিনাটি বিচার করে বিশেষজ্ঞরা মনে করছেন, ১৬ মের পর থেকে দেশের করোনা লেখচিত্র সব দিক থেকে নিম্নগামী হবে। এর ফলে মনে করা হচ্ছে, নিষেধাজ্ঞা আরও শিথিল করা হলেও লকডাউন পুরো উঠবে না। মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেশের একটা বড় অংশ লকডাউনের আওতায় থাকবে। প্রধানমন্ত্রী আগামী সোমবার আবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যগুলো কীভাবে এগোবে তা ওই বৈঠক থেকে বোঝা যাবে।