ভারতে লকডাউন: কিছু ছাড়, কিছু কঠোর ব্যবস্থা আসতে চলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। মাস্ক পরে বেরিয়েছেন শিক্ষার্থীরা। কোচি, ভারত। ছবি: রয়টার্স
ভারতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। মাস্ক পরে বেরিয়েছেন শিক্ষার্থীরা। কোচি, ভারত। ছবি: রয়টার্স

তিন সপ্তাহ অবরুদ্ধ থাকার পর আগামী দিনগুলো কেমন হতে চলেছে, কাল মঙ্গলবার তা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১০টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেই ভাষণেই তিনি জানাবেন, আগামী দিনেও গোটা দেশ লকডাউনের আওতায় থাকছে কি না, থাকলেও কীভাবে, কোন চরিত্রে।

জনপ্রিয় ধারণা, আরও দুই সপ্তাহ, ৩০ এপ্রিল পর্যন্ত, সারা দেশেই লকডাউন জারি রাখার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। ১১ এপ্রিল দেশের ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোটামুটি সেই প্রস্তাবই সবাই দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নিজেও তাতে রাজি। ওই বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী টুইট করে সেই সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছিলেন। তার আগে ওডিশা ও তেলেঙ্গানা চলতি মাসের শেষ তারিখ পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। বৈঠকের পর পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও মহারাষ্ট্র ৩০ এপ্রিল পর্যন্ত নিজেদের রাজ্য অবরুদ্ধ রাখার কথা জানান। সোমবার একই কথা জানায় তামিলনাড়ুও। কাজেই লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে মোটামুটিভাবে কারও মনেই এই মুহূর্তে কোনো সন্দেহ নেই। জল্পনা শুধু তার চরিত্র নিয়ে।

এই জল্পনার জন্মদাতা প্রধানমন্ত্রী মোদি স্বয়ং। তিন সপ্তাহ আগে, ২৪ ফেব্রুয়ারি, লকডাউনের কথা ঘোষণা করার সময় তিনি বলেছিলেন, ‘জান হ্যায় তো জাহান হ্যায়।’ অর্থাৎ, জীবন (জান) বাঁচলে পৃথিবীও (জাহান) বাঁচবে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে গত শনিবারের বৈঠকে তিনি ওই বাক্যবন্ধকে সামান্য বদলে বলেন, ‘জান হ্যায়, জাহান ভি হ্যায়।’ অর্থাৎ, জীবন ও পৃথিবী (জীবিকা) দুটোই বাঁচাতে হবে। এ কারণেই মনে করা হচ্ছে, মঙ্গলবার আরও দুই সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও জীবিকার জন্য হয়তো কিছু ছাড় দেওয়ার কথা প্রধানমন্ত্রী জানাবেন। কোনো কোনো ক্ষেত্রে আরও কঠোর কিছু ব্যবস্থার কথাও জানানো হতে পারে।

বিভিন্ন সরকারি সূত্রে কদিন ধরেই বলা হচ্ছে, গোটা দেশকে ক্ষেত্রবিশেষে তিন রঙে ভাগ করা হবে। ঠিক যেমন ট্রাফিক সিগন্যালে থাকে। দেশের যেসব জেলায় একটাও করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি, সেগুলোর রং হবে সবুজ। দেশে এমন কমবেশি ৪০০ জেলা রয়েছে। এই জেলাগুলোয় কৃষি ও কোনো কোনো নির্মাণশিল্পে ছাড় দেওয়া হতে পারে।

যে অঞ্চলগুলোয় করোনার প্রভাব বেশি এবং এখনো সংক্রমিত হচ্ছে, সেগুলো চিহ্নিত হবে ‘রেড জোন’ বা লাল এলাকা হিসেবে। এসব জেলায় বা অঞ্চল সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হবে। নিত্যব্যবহার্য ও খাবার জিনিস সরকার সরবরাহ করবে। রেড জোনে কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ করা হবে।

দেশে ২৫টি এমন জেলা চিহ্নিত হয়েছে, যেখানে গত দুই সপ্তাহে একটিও নতুন সংক্রমণের ঘটনার খবর নেই। এই জেলাগুলোকে হলুদ অঞ্চল হিসেবে গণ্য করে কিছু ছাড় দেওয়া যেতে পারে। তবে আগামী দুই সপ্তাহ গোটা দেশেই শারীরিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখা হবে। সে জন্য বাজার, সিনেমা হল, স্কুল–কলেজ বন্ধ রাখা হবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ঘোষণার আগে শিল্প মহল থেকে কিছু ক্ষেত্রে কাজ শুরুর সুপারিশ করা হয়েছে। ভারতীয় অর্থনীতির লেখচিত্র গত ছয় বছর ধরেই নিম্নমুখী। কৃষি, উৎপাদন শিল্প, রপ্তানি কোনো ক্ষেত্রই তেমন আশাব্যঞ্জক নয়। প্রবৃদ্ধির হার কমছে। বেকারত্ব বাড়ছে। এই অবস্থায় করোনার আক্রমণ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। প্রবৃদ্ধির হার দেড় থেকে আড়াই শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ফলে করোনার মোকাবিলার পাশাপাশি আর্থিক দিকেও তাকাতে হবে বলে মনে করা হচ্ছে। কাল সকালের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত তারই ইঙ্গিত দেবেন।

ভারতে করোনার পরীক্ষা পর্যাপ্ত হচ্ছে কি না, সে বিষয়ে পশ্চিমা দুনিয়া ঘোর সংশয় প্রকাশ করেছে। দেশের সর্বোচ্চ আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছেন, বেসরকারি সংস্থাগুলোয় করোনার পরীক্ষা বিনা পয়সায় করতে হবে। গরিবদের কাছ থেকে পরীক্ষা বাবদ টাকা নেওয়া যাবে না।