ভারতে শুভযোগ দেখে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বাড়িবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্যপাল তথাগত রায়ের কাছে শপথ নিচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ছবি সংগৃহীত
রাজ্যপাল তথাগত রায়ের কাছে শপথ নিচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ছবি সংগৃহীত

আজ বুধবার অক্ষয় তৃতীয়া। হিন্দুশাস্ত্রমতে দিনটি খুবই শুভ। তাই শাস্ত্রের বিধান মেনে একই দিনে নতুন ঠিকানায় যাচ্ছেন ত্রিপুরার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

পুরাণমতে, বিষ্ণুর সপ্তম অবতার পরশুরামের নাকি জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয়াতে। স্বর্গের ধনপতি কুবের দেবতাদের ব্যাংকের মালিকানা পান এই দিনে। তাই হিন্দুধর্মালম্বীদের কাছে দিনটি অত্যন্ত শুভ।

এই শুভদিনেই নতুন ঠিকানায় যাচ্ছেন ত্রিপুরার দুই সাংবিধানিক প্রধান। রাজ্যপাল তথাগত রায় যাচ্ছেন আগরতলায় নিউক্যাপিটাল কমপ্লেক্সে। রবীন্দ্রস্মৃতিবিজরিত পুষ্পবন্ত প্রাসাদ ছেড়ে তিনি নবনির্মিত বিশাল প্রাসাদে প্রবেশ করছেন।

আর মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যাচ্ছেন তাঁর পূর্বসুরি মানিক সরকারের ছেড়ে যাওয়া সরকারি বাসভবনে। মার্চের ৯ তারিখের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেও এত দিন ভাড়া বাড়িতেই ছিলেন বিপ্লব।

চৈত্র মাসে বাসা বদল করতে নেই। এমনটাই মনে করেন হিন্দুরা। তাই বৈশাখে দিনক্ষণ দেখে ঠিকানাবদল উভয়েরই।

মানিক সরকার অবশ্য ২০ বছর সরকারি বাসভবনে থাকার পর ভোটের পরাজয় হতেই সরকারি আবাসন ছেড়ে সস্ত্রীক দলের পার্টি অফিসে উঠেছেন। এখন তিনি বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। তাই সরকারি আবাসনের জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও করেছেন।

অন্যদিকে, বিপ্লব দেব নতুন বাসায় আসার আগে ভবনের ব্যাপক সংস্কার করা হয়। সেই সঙ্গে পাল্টানো হয় রাস্তার নামও।

আগে বাম আমলে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসনের সামনের রাস্তার নাম ছিল মার্ক্স-লেনিন লেন। এখন সেটা বদলে হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে।