ভারতে সংশোধন কেন্দ্র থেকে ৯১ কিশোরের পলায়ন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাট শহরের একটি কিশোর সংশোধন কেন্দ্র থেকে গতকাল রোববার রাতে ৯১ জন কিশোর পালিয়েছে। এদের অনেকেই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল রাতে ওই কিশোরেরা সংশোধন কেন্দ্রের বিছানার চাদরগুলো জোড়া লাগায়। তারা ভবনের পেছনের দিকের একটি জানালার লোহার গ্রিল খুলে ফেলে। পরে জোড়া লাগানো বিছানার চাদরগুলো নিচে ফেলে এটা দিয়ে নেমে তিনতলা ভবনটির দেয়াল বেয়ে একের পর এক পালিয়ে যায়। ভবনটির সামনের দিকে পুলিশি পাহারা ছিল। রাত একটা থেকে তিনটার মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরাটের পুলিশ কর্মকর্তা ওম প্রকাশ জানান, ৯১ জন পালিয়ে যেতে পারলেও গণপরিবহনে উঠে পালানোর সময় ৩৫ জনকে পাকড়াও করা সম্ভব হয়েছে। তিনি জানান, পুরো বিষয়টি এত পেশাদারত্বের সঙ্গে ঘটানো হয়েছে যে, কেউ টুঁ-শব্দটি টের পায়নি।
ওম প্রকাশ জানান, পালিয়ে যাওয়া কিশোরেরা হত্যা, ধর্ষণ, চুরি ও ডাকাতির মতো ঘটনার অপরাধী।