ভারতে সন্দেহভাজন ছয় সন্ত্রাসী গ্রেপ্তার
ভারতে ইসলামিক স্টেটের (আইএস) মদদপুষ্ট গ্রুপের ছয় সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তাঁরা দিওয়ালি উৎসবের সময় দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল বলে ন্যাশনাল কাউন্টার টেররিজম এজেন্সি (এনআইএ) গতকাল সোমবার জানিয়েছে।
এনআইএর সূত্র জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি পাহাড়চূড়ার একটি ধর্মীয় স্থান থেকে গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দিওয়ালি উৎসবে হামলা চালানোর জন্য তাঁরা সেখানে বিস্ফোরক ও অন্যান্য রসদ মজুত করছিল।
এক বিবৃতিতে এনএআই জানায়, অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তাঁদের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে।
তদন্তকারীরা বলছেন, চলতি বছরের গোড়ার দিকে কেরালা থেকে ১২ জন পুরুষ, ছয়জন নারী ও তিনটি শিশু নিখোঁজ হয়। পরে তারা আইএসে যোগ দেয় বলে ধারণা করা হচ্ছে।