ভারতে সব ধরনের নাগরিক সুবিধা পাবেন উদ্বাস্তুরা
১৯৭১ সাল থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভারতে উদ্বাস্তু হয়ে আসা নাগরিকদের সব ধরনের নাগরিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকা দিল্লির একটি সূত্রের উদ্ধৃত দিয়ে আজ বুধবার এই খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়, গতকাল মূলত ১৯৭১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসা নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, উদ্বাস্তুদের ভারতের সাধারণ মানুষের মতো ভারতের মাটিতে বসবাসের সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে তাঁদের হাতে তুলে দেওয়া হবে ভারতের নাগরিক সনদপত্র।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত দিন পর্যন্ত না এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তত দিন পর্যন্ত এসব উদ্বাস্তুকে দীর্ঘ মেয়াদি ভিসা দিয়ে ভারতের মাটিতে রাখা হবে। এই দীর্ঘ দিন ধরে ভিসা নিয়ে ভারতে বসবাসকারী উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকের মতো সব সুযোগসুবিধা ভোগ করবেন। তবে, ২০১৪ সালের পর যাঁরা এসেছেন তাঁদের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।