ভারতে সবচেয়ে বেশি অপরাধ উত্তর প্রদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বিক অপরাধের শীর্ষে রয়েছে ভারতের উত্তর প্রদেশ।
সার্বিক অপরাধের শীর্ষে রয়েছে ভারতের উত্তর প্রদেশ।

ভারতে মানব ও শিশু পাচারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ঘরোয়া হিংসার শিকারও বেশি পশ্চিমবঙ্গে। আজ শুক্রবার ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী সার্বিক অপরাধের শীর্ষে ভারতের উত্তর প্রদেশ। প্রতিবেদনে জানানো হয়, গত এক বছরে ভারতে নারীর ওপর অত্যাচারের ঘটনা বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে এক বছরে ১ লাখ ১১ হাজার ৫৬৯ শিশু নিখোঁজ হয়, যার ১৫ শতাংশই পশ্চিমবঙ্গের। আবার নারী পাচার ও নারী নিগ্রহের ঘটনাও বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে। পুরো দেশের ১ লাখ ১০ হাজার অভিযোগের মধ্যে পশ্চিমবঙ্গের ছিল ১৯ হাজার ৩০২টি। তবে ধর্ষণ ও নারীর অপহরণের ঘটনায় যথাক্রমে শীর্ষে রয়েছে মধ্য ও উত্তর প্রদেশ। ২০১৬ সালে উত্তর প্রদেশে ৪ হাজার ৮৮৯টি খুন এবং ৪৯ হাজার ২৬২ জন নারীর ওপর সহিংসতার ঘটনা ঘটেছে। ধর্ষণের শীর্ষে থাকা মধ্যপ্রদেশে গত বছর ৪ হাজার ৮৮২টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ভারতে বিভিন্ন অপরাধে ৩৭ লাখ ৩৭ হাজার ৮৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৭ লাখ ৯৪ হাজার ৬১৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়। আর ১১ লাখ ৪৮ হাজার ৮২৪ জনকে মুক্তি দেওয়া হয়।