ভারতে সমাজবাদী পার্টির সামনে নতুন সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী করবেন অখিলেশ সিং যাদব ও রাহুল গান্ধী? সমাজবাদী পার্টির সর্বময় কর্তা মুলায়ম সিং যাদবের আচমকা প্রার্থী ঘোষণায় যাদব পরিবারের ক্ষমতার লড়াই শুধু অন্য বাঁকই যে নিল তা নয়, অখিলেশ ও রাহুলকে সম্ভাব্য জোট নিয়েও প্রশ্ন তুলে দিল।
গত বুধবার হঠাৎই মুলায়ম সিং যাদব ভাই শিবপালকে পাশে বসিয়ে উত্তর প্রদেশ বিধানসভার ৪০৩ আসনের মধ্যে ৩২৫ প্রার্থীর নাম ঘোষণা করেন। এই ঘোষণার সময় মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব লক্ষ্ণৌতে ছিলেন না। তার চেয়েও বড় কথা, যাঁদের বিরুদ্ধে অখিলেশের তীব্র আপত্তি, যে ১০ জন মন্ত্রীকে তিনি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন, যাঁদের নাম তিনি তাঁর তালিকায় রাখেননি, তাঁদের সবার নাম মুলায়মের তালিকায় রয়েছে। তাঁরা সবাই দলের রাজ্য শাখার সভাপতি শিবপাল যাদবের ঘনিষ্ঠ এবং তাঁদের বিরুদ্ধে মারাত্মক ধরনের অপরাধের অভিযোগ রয়েছে।
মুলায়ম ৫১ জন বর্তমান বিধায়ককেও টিকিট দেননি। ছেলেকে অন্ধকারে রেখে ও উপেক্ষা করে ভোটের আগে মুলায়ম এটা বুঝিয়ে দিলেন, আগামী ভোটে সমাজবাদী পার্টি একলাই লড়বে। তিনি আরও জানিয়ে দেন, ভোটের আগে কাউকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করা হচ্ছে না। ভোটের পরে নির্বাচিত বিধায়কেরা মুখ্যমন্ত্রীকে বেছে নেবেন।
মুলায়ম বুধবার যা যা করেছেন সবকিছুই অখিলেশের বিরুদ্ধে ও শিবপালের পক্ষে গেছে। গতকাল বৃহস্পতিবার লক্ষ্ণৌ ফিরে তিনি মুলায়মের সঙ্গে বৈঠক করেন। এর আগে বলেন, তাঁর ঘনিষ্ঠ যাঁদের বাদ দেওয়া হয়েছে, তাঁদের জন্য তিনি বাবার সঙ্গে কথা বলবেন।
নিজের পাঁচ বছরের শাসনকালের ‘সাফল্য’ তুলে ধরে অখিলেশ ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। সেই প্রচারে নিজেকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবেও তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কাকা শিবপালের বিরোধিতা করতে গিয়ে বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি বিদ্রোহ করবেন ও নতুন দল গঠন করবেন কি না। কংগ্রেসের একাংশের ধারণা, অখিলেশ তেমন করলেই ভালো। কারণ, তাঁর ভাবমূর্তি অন্য সবার চেয়ে বেশি উজ্জ্বল। কংগ্রেসের অন্য এক অংশের আবার ধারণা, নতুন দল গঠন করে ভোটে লড়াইয়ের মতো সময় অখিলেশের নেই। এই পরিস্থিতিতে সবার নজর এখন অখিলেশের প্রতি।
সমাজবাদী পার্টির এই গৃহযুদ্ধের ফলে রাজনৈতিকভাবে বিজেপির লাভ। লড়াইটা প্রধানত বিজেপি ও বিএসপির মধ্যে হবে বলে বেশির ভাগ মানুষের ধারণা।