ভারতে সরকারের সমালোচক দুই গণমাধ্যমের অফিসে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক ভাস্করের কার্যালয়। ভোপাল, ভারত, ২২ জুলাই।
ছবি: এএফপি

ভারতে সরকারের সমালোচক দুই গণমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়েছে কর বিভাগের কর্মকর্তারা। দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার মিডিয়া গ্রুপ দৈনিক ভাস্কর ও উত্তর প্রদেশভিত্তিক টিভি চ্যানেল ভারত সমাচারের কার্যালয়ে অভিযান চালানো হয়। কর ফাঁকি ও আরও কিছু অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানে কার্যালয়ে গতকাল ভোরে অভিযান চালানো হয়।

দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্রসহ ভারতজুড়ে দৈনিক ভাস্করের ৩০টি কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মী ও মালিকদের বাড়িতেও অভিযান চালানো হয়েছে এবং তাঁদের অনেকের মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিরোধী আইনপ্রণেতা ও মানবাধিকার সংগঠনগুলো। তারা বলছে, এটা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তবে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এই অভিযানের সঙ্গে সরকারের কোনো যোগসূত্র নেই। সংস্থাগুলো নিজেদের কাজ করছে। আমরা তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করি না।’

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দৈনিক ভাস্কর হিন্দি ভাষার পত্রিকা। ভারতে যে পত্রিকাগুলোর সার্কুলেশন বেশি, সেগুলোর মধ্যে অন্যতম এটি। করোনাভাইরাসের মহামারি শুরুর পর সরকারের বিভিন্ন উদ্যোগের ঘাটতি নিয়ে খবর প্রকাশ করছিল দৈনিক ভাস্কর। এর মধ্যে ছিল অক্সিজেন ও হাসপাতালের শয্যা ঘাটতিসহ অনেক খবর। একই ধরনের কাজ করেছিল টিভি চ্যানেল ভারত সমাচার। এ দুই প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছিল, গঙ্গায় বেশ কিছু মরদেহ ভাসছে। ধারণা করা হচ্ছে, এগুলো করোনাভাইরাস সংক্রমণে মৃত ব্যক্তিদের দেহ।

গত এপ্রিলে ভারতীয় জনতা পার্টির (বিজেপির) গুজরাট শাখার সভাপতি জিতু ভাঘানির মুঠোফোন নম্বর প্রকাশ করে দৈনিক ভাস্কর। সম্প্রতি ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি আড়িপাতার সফটওয়্যার পেগাসাস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তারা।

এদিকে অভিযানের পর দুই গণমাধ্যমই বলেছে, সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তারা। এ প্রসঙ্গে দৈনিক ভাস্করের সম্পাদক ওম গৌর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমাদের সাহসী সাংবাদিকতার কারণেই এই অভিযান। আমরা প্রতিবেদন করেছিলাম কীভাবে অক্সিজেনের অভাবে ও হাসপাতালের বিছানায় করোনা রোগী মারা যাচ্ছে।’