ভারতে সরকার-সুপ্রিম কোর্ট মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি নিয়োগের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাত থেকে কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার নতুন সংবিধান সংশোধন বিল আনল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গতকাল সোমবার প্রথমে ইউপিএ আমলে রাজ্যসভায় পেশ হওয়া বিচারপতি নিয়োগ কমিশন বিলটি প্রত্যাহার করেন ও পরে নতুন বিল লোকসভায় পেশ করেন। রবিশঙ্কর যে সময় বিলটি প্রত্যাহার করেছেন, প্রায় একই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোধা সরকারের এই অভিপ্রায়ের তীব্র সমালোচনা করে বলেন, ‘নিয়োগসংক্রান্ত যে ব্যবস্থা এত বছর ধরে চালু রয়েছে, এখন সবাই তার নিন্দেমন্দ শুরু করেছেন। সেই ব্যবস্থা যদি খারাপই হয়ে থাকে, তাহলে আমি ও আমার মতো যাঁরা নিযুক্ত হয়েছেন, সবাই খারাপ।’
বিচারপতি নিয়োগের ক্ষমতা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ‘কলেজিয়াম’-এর হাত থেকে কেড়ে নেওয়ার এই প্রচেষ্টায় অধিকাংশ রাজনৈতিক দলেরই মত রয়েছে বলে আইনমন্ত্রীর দাবি। প্রস্তাবিত আইনটি পাস হলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিতে পারে কি না—জানতে চাওয়া হলে রবিশঙ্কর প্রসাদ বলেন, আইনসভার কাজ আইনসভা করবে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা এত দিন পর্যন্ত শুধু সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের কলেজিয়াম বা কমিটির হাতেই ছিল। নতুন আইনে সেই দায়িত্ব বর্তাবে সাত সদস্যের ওপর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ চার বিচারক, কেন্দ্রীয় আইনমন্ত্রী ও রাষ্ট্রপতি নিযুক্ত দুই বিশিষ্ট আইনজ্ঞ সেই দায়িত্ব পাবেন। অর্থাৎ, যা ছিল এত দিন বিচার বিভাগের একমাত্র ক্ষমতা, নতুন আইন কার্যকর হলে তাতে সরকারের একটা বড় ভূমিকা থাকবে। এতে বিচার বিভাগের কাজে আইনসভার হস্তক্ষেপ হবে কি না, এবং তা সংবিধান লঙ্ঘন করবে কি না, সেই বিতর্ক কিন্তু এরপর উঠে যাবে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এম লোধা গতকাল নিজের ক্ষোভ প্রকাশ করে আইন বিভাগকে সজাগ করে তিনি বলেছেন, ‘বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা টলিয়ে দেবেন না। কলেজিয়াম ব্যবস্থা ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ। কারণ আমরা ওই ব্যবস্থার মধ্য দিয়েই বিচারপতি হয়েছি।’ তিনি বলেন, ‘কলেজিয়ামের সীমাবদ্ধতা থাকতে পারে। বিচারকেরাও এই সমাজের মানুষ। কিন্তু এর বিরুদ্ধে প্রচার চালানোটা ঠিক নয়। বিচার বিভাগের ওপর আস্থা টলাবেন না।’
এই সিদ্ধান্তের ফলে সরকারের সঙ্গে বিচার বিভাগের একটা অনিবার্য সংঘাত শুরু হতে চলেছে। বিজেপি কীভাবে তার মোকাবিলা করবে সেটা দ্রষ্টব্য।