ভারতে সাংবাদিক হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের দিল্লি থেকে শুরু করে কলকাতা, গুয়াহাটি, আগরতলা সাংবাদিকেরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তাঁরা সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গত বুধবার টিভি সাংবাদিক শান্তনু ভৌমিক ত্রিপুরার মান্দাইতে প্রকাশ্যে খুন হন। এর প্রতিবাদে আজ শুক্রবার মিছিল করেন আগরতলার সাংবাদিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সব শ্রেণির মানুষ। তাঁরা অভিযোগ করেন, আঞ্চলিক দল আইপিএফটির সমর্থকেরা প্রকাশ্যে তাঁকে খুন করেন।

শান্তনু হত্যার প্রতিবাদে শুক্রবার আগরতলা প্রেসক্লাবের ডাকে বিশাল মিছিল বের হয়। মিছিলে অংশ নেন সমাজের সব শ্রেণির মানুষ। উপস্থিত ছিলেন আগরতলার মেয়র প্রফুল্লজিত সিনহা, সাংসদ শংকর প্রসাদ দত্ত, ঝর্ণা দাস বৈদ্য, সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর, প্রদেশ কংগ্রেস সহসভাপতি তাপস দে, বিজেপি বিধায়ক আশিস কুমার সাহা প্রমুখ।

শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার জিরানিয়ায় শান্তনু ভৌমিকের বাড়িতে গিয়ে তাঁর মা ও বোনকে সমবেদনা জানান।

শুধু আগরতলাতেই নয়, দিল্লি প্রেসক্লাব, কলকাতা প্রেসক্লাব, গুয়াহাটি প্রেসক্লাব, ইম্ফল প্রেসক্লাব প্রভৃতি সংগঠনের পক্ষ থেকেও এ হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়। ভারতের ব্রডকাস্ট এডিটর অ্যাসোসিয়েশন এবং এডিটর্স গিল্ড অব ইন্ডিয়াও ধিক্কার জানিয়েছে শান্তনু হত্যাকাণ্ডের। নিন্দা জানিয়েছে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নও।