ভারতে সাবেক মন্ত্রীর ৭৪০ কোটি রুপির অর্থসম্পদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দয়ানিধি মারান
দয়ানিধি মারান

দুর্নীতি মামলার জেরে গতকাল বৃহস্পতিবার ভারতের সাবেক টেলিযোগাযোগমন্ত্রী দয়ানিধি মারান ও তাঁর ভাইয়ের ৭শ ৪০ কোটি রুপির অর্থসম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে আছে পুরো ১০০ কোটি রুপির স্থায়ী আমানত। দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে দয়ানিধির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা হয়েছে। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) অভিযোগ, ২০০৬ সালে মন্ত্রী থাকার সময় এয়ারসেল নামের একটি টেলিকম প্রতিষ্ঠানকে মালয়েশিয়ার ম্যাক্সিস গ্রুপের কাছে বিক্রির কাজে ক্ষমতার অপব্যবহার করেন দয়ানিধি। খবর এনডিটিভির।
অভিযোগে বলা হয়, দয়ানিধি মারান ম্যাক্সিস গ্রুপকে অবৈধভাবে ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে অন্তত ৭০০ কোটি রুপি নিয়েছেন। আর সেই অর্থের একটা অংশ দয়ানিধির ভাই কালানিধি মারানের প্রতিষ্ঠান সান গ্রুপে বিনিয়োগ করা হয়।
দয়ানিধি মন্ত্রী থাকার সময় এয়ারসেলের স্বত্বাধিকারী সি শিবশঙ্করণকে একটি গুরুত্বপূর্ণ অনুমোদন দেননি বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই ২০১১ সালে এয়ারসেল-ম্যাক্সিসের বিরুদ্ধে তদন্ত শুরু করে। ওই ঘটনার পর শিবশঙ্করণ তাঁর প্রতিষ্ঠান ম্যাক্সিসের কাছে বিক্রি করে দেন। মালয়েশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী টি আনন্দ কৃষ্ণান এর মালিক।
মারানদের বিরুদ্ধে অর্থ পাচারসংক্রান্ত আরেকটি মামলা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নজরদারি সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এক বিবৃতিতে জানায়, ওই মামলার অংশ হিসেবে দুই ভাইয়ের ১০০ কোটি রুপির একটি স্থায়ী আমানত জব্দ করা হয়েছে।
শত শত কোটি রুপির সম্পত্তির অধিকারী মারান ভাইয়েরা তামিলনাড়ু রাজ্যে অত্যন্ত প্রভাবশালী। দয়ানিধি অর্থ পাচারসংক্রান্ত অভিযোগ একাধিকবার অস্বীকার করেছেন।