ভারতে সিনেমা হলে জাতীয় সংগীত বাধ্যতামূলক নয়

ভারতে প্রেক্ষাগৃহে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানো আর বাধ্যতামূলক থাকছে না। আজ মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট এ নির্দেশ দিয়েছে। জাতীয় সংগীত বাজানোর সময় যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগে পুলিশের হাতে দর্শক হেনস্তার বেশ কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এ নির্দেশ দিয়েছেন। এর আগে ২০১৬ সালে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক করে নির্দেশ দিয়েছিলেন আদালত।
আজ টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ‘জাতীয় সংগীত জনসাধারণের মনে দেশাত্মবোধ ও জাতীয়তাবোধ জাগিয়ে তুলবে’ উল্লেখ করে আদালত ২০১৬ সালের ৩০ নভেম্বর জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক করার নির্দেশ দেন। এরপর পুলিশের হাতে অনেক দর্শককে হেনস্তার শিকার হতে হয়েছে। অনেকের ওপর ‘জাতীয়তাবিরোধী’ তকমাও সেঁটে দেওয়া হয়েছে। ঘটনাগুলো সামনে আসার পর সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চায় ওই পুলিশদের ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানায় ১২ সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস পর্যবেক্ষণের পর কমিটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আজ সুপ্রিম কোর্টের প্রধান আইন কর্মকর্তা কে কে বেণু গোপালের সুপারিশ অনুসারে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, এরপর থেকে প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক নয়।