ভারতে সুপ্রিম কোর্টের রায়ে সরকার কিংকর্তব্যবিমূঢ়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি নিয়োগ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্রীয় সরকারের অবস্থা এই মুহূর্তে কিংকর্তব্যবিমূঢ়। হতচকিত সরকার এখনো মনস্থির করে উঠতে পারেনি ঠিক কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়। এই অবস্থায় কংগ্রেস আজ শনিবার জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের কোনো রকম ‘অ্যাডভেঞ্চার’ কংগ্রেস সমর্থন করবে না।

গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির কনস্টিটিউশন বেঞ্চ ৪-১ রায়ে জানিয়ে দেন, বিচারপতিদের নিয়োগ ও বদলির ক্ষমতা ‘কলেজিয়াম’-এর হাত থেকে নিয়ে যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশনের (এনজেএসি) হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে; সেই কমিশন অসাংবিধানিক। ওই সিদ্ধান্তে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, বিচারপতিদের নিয়োগ ও বদলির ক্ষমতা কলেজিয়ামের হাতেই থাকবে। তবে কলেজিয়াম পদ্ধতির ত্রুটি-বিচ্যুতি দূর করার সুপারিশ বা পরামর্শ গ্রহণে সুপ্রিম কোর্টের আপত্তি নেই। আগামী ৩ নভেম্বর সেই সুপারিশ বা পরামর্শ সুপ্রিম কোর্ট শুনবেন।

এই রায় সরকারের কাছে এক বিরাট ধাক্কা। কারণ, বিচারপতি নিয়োগে প্রশাসনিক দায়িত্ব গ্রহণে আগ্রহী সরকার সংবিধান সংশোধন করে এনজেএসি গঠন করেছিল। শুধু তাই নয়, সংসদে সর্বসম্মতিক্রমে সেই বিলটি পাস হয়েছিল। সুপ্রিম কোর্ট এইভাবে সরকারের উদ্যোগ ভেস্তে দেবে সেই ধারণা সরকারের ছিল না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আইনগত বিষয় নিয়ে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগির সঙ্গেও কথা হয়েছে। মন্ত্রিসভার এক সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বিদেশ সফর করে ফিরলে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করা হবে। ভারতীয় সংবিধানের ১৪৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মারফত সরকার সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা জানতে চাইতে পারে।

এই সম্ভাবনা ছাড়াও সরকারের কাছে কিছু বিকল্প উপায় রয়েছে। যেমন, কনস্টিটিউশন বেঞ্চের রায়ের পর্যালোচনা করার আবেদন বা রিভিউ পিটিশন।

সরকারের আইনজ্ঞ মন্ত্রীরা অবশ্য মনে করছেন, কনস্টিটিউশন বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের যা মনোভাব এবং তাঁরা যে যুক্তিতে সরকারি উদ্যোগকে খারিজ করেছেন, তাতে রিভিউ পিটিশন করে কোনো লাভ নেই। দ্বিতীয় উপায় হলো, সুপ্রিম কোর্টের রায় অকার্যকর করতে অরডিন্যান্স জারি করা। কিন্তু সে ক্ষেত্রে বিচার বিভাগের সঙ্গে আইন বিভাগ ও প্রশাসনের দ্বন্দ্ব সরাসরি ও প্রকাশ্য হয়ে যাবে। সরকারের একটি সূত্রের মতে, কেন্দ্র এই প্রত্যক্ষ সংঘাতে যেতে রাজি হবে না। তৃতীয় বিকল্প হলো, কলেজিয়াম পদ্ধতি রদ করতে নতুন এক বিল নিয়ে আসা। কিন্তু সেখানে বড় সংশয়ের নাম কংগ্রেস। কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধ আপাতত যে জায়গায় পৌঁছেছে, তাতে বিচার বিভাগের সঙ্গে সরকারের সংঘাতে কংগ্রেস সাহায্যের হাত বাড়াবে না।

কংগ্রেস তাদের এই মনোভাব শনিবারও স্পষ্ট করে দিয়েছে। গতকাল রায় বেরোনোর পরই দলীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছিলেন, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বোঝা গেছে, সরকারের ওপর বিচার বিভাগের আস্থা নেই। সরকারের প্রতি সেই অনাস্থারই প্রতিফলন ঘটেছে সুপ্রিম কোর্টের রায়ে। কারণ, এই সরকার গত দেড় বছর ধরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্বশাসন ও সাংবিধানিক রক্ষাকবচগুলো নষ্ট করে চলেছে। একই কথা আজ বলেছেন আইনজীবীদের মুখপাত্র অভিষেক মনু সিংভি। তিনি বলেন, এই সরকার ইচ্ছাকৃতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অধিকার ও ক্ষমতা খর্ব করে চলেছে। ফলে এমন ধারণা জন্মেছে যে বিচার বিভাগও তার বাইরে নয়। সেই থেকেই আস্থা ভঙ্গের জন্ম। অনাস্থাকে আস্থায় পরিণত করতে গেলে সরকারকেই উদ্যোগী হতে হবে।

কমিশনের মধ্য দিয়ে বিচারপতি নিয়োগের প্রস্তাবটি ছিল কংগ্রেসেরই। ক্ষমতায় এসেই বিজেপি সেটা নিয়ে উঠেপড়ে নামে। ২০১৪ সালের জুন মাসেই সর্বসম্মতভাবে সংবিধান সংশোধন বিল পাস হয়ে যায়। গঠিত হয় এনজেএসি। কিন্তু এর পর থেকেই বিজেপি বিভিন্নভাবে কংগ্রেস ও নেহেরু-গান্ধী পরিবারকে আক্রমণ করতে থাকে। দুই দলের সংঘাত তীব্রতর হয়। কংগ্রেসের তরফে শুরু হয় অভিন্ন পণ্য পরিষেবা (জিএসটি), জমি অধিগ্রহণ বিলের বিরোধিতা। যে কংগ্রেস এনজেএসি বিলকে সমর্থন করেছিল, তারাই এখন এই প্রশ্নে সরকারের সঙ্গ ত্যাগ করছে। অভিষেক মনু সিংভি আজ জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট নিজেই যখন কলেজিয়াম পদ্ধতিতে সংস্কার আনার প্রয়োজনীয়তা মেনে নিয়েছেন তখন সেই পর্যন্ত অপেক্ষা করা দরকার। ৩ নভেম্বর এই বিষয়ে সরকার ও মামলাকারীদের মতামত সুপ্রিম কোর্ট শুনবেন।

সরকারেরও অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই। বিচার বিভাগের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া অনভিপ্রেত বলে বিকল্প নিয়ে আলোচনা চালালেও কেন্দ্রীয় সরকার ৩ নভেম্বর থেকে শুরু হওয়া সর্বোচ্চ আদালতের শুনানি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবে। অবশ্য কংগ্রেসকে কটাক্ষ করতে তারা ছাড়ছে না। দলীয় মুখপাত্র সম্বিত পাত্র আজ বলেছেন, কংগ্রেস এই ধরনের ‘ইউ টার্ন’ চিরকাল করে এসেছে। তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।