ভারতে সেতু ভেসে গাড়ি নদীতে, মৃত্যুর আশঙ্কা ২০ জনের
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ব্রিটিশ আমলে নির্মিত একটি সেতু নদীতে ভেসে গিয়ে দুটি বাসসহ অন্যান্য যানবাহনের ২০ জনের বেশি আরোহী নিখোঁজ রয়েছে। তারা মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েক দিন ধরে চলা ভারী বর্ষণে সাবিত্রি নদীর পানি ফেঁপে ওঠায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে মুম্বাই-গোয়া মহাসড়কে ওই নদীর ওপর সমান্তরালভাবে নির্মিত দুটি সেতুর পুরোনোটি ভেসে যায়। এ সময় বাস দুটি খরস্রোতা নদীতে পড়ে যায়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এক টুইট বার্তায় বলেন, ভারী বর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যার পানির তোড়ে সেতুটি ভেসে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার জন্য প্রাণহানির প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। তবে দ্রুত উদ্ধার অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করা হবে।
পার্বত্য মহাবালেশ্বর এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। এটি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) প্রধান ও পি সিং বলেন, ডুবুরিসহ ৮০ জনের একটি উদ্ধার দল পাঠানো হয়েছে। তবে প্রবল বর্ষণে অভিযান পরিচালনায় ব্যাঘাত ঘটছে।