ভারতে স্থানীয় সরকারে নারী কোটা বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে স্থানীয় সরকারে নারীর জন্য কোটা ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করতে যাচ্ছে বিজেপি সরকার। এ জন্য সংবিধানে সংশোধনী আনা হবে। এ সংক্রান্ত একটি বিল আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।
২০০৯ সালে মনমোহন সরকার ক্ষমতায় থাকাকালে প্রথম এ উদ্যোগটি নেওয়া হয়েছিল। ওই বছরের আগস্টে মনমোহন সিংহের মন্ত্রিসভায় বিষয়টি চূড়ান্ত হয়।
বর্তমান মোদী সরকার মনমোহন সিংহের ওই প্রস্তাবটি আবার সামনে নিয়ে এসেছে। সূত্র বলছে, পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় ১০ ফেব্রুয়ারি মন্ত্রিসভা সচিবালয় ও ১৩ ফেব্রুয়ারি নগর উন্নয়ন মন্ত্রণালয়ে তাদের মতামত জমা দিয়েছে। সরকার এবারের বাজেট সেশনে সংবিধানে সংশোধনী এনে পঞ্চায়েতের নারী কোটা বাড়াতে চাইছে।
এ ব্যাপারে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘পদক্ষেপটি কোনো রাজনৈতিক দল বিরোধিতা করবে না। তাই যেকোনো সময় এটি অনুমোদন পাবে।’ তথ্যসূত্র: ইকোনমিক টাইমস।