ভারতে হামলার শিকার বিদেশি পর্যটক দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ফতেপুর সিক্রিতে এই সুইস দম্পতি হামলার শিকার হয়েছেন। ছবি: বিবিসি
ভারতের ফতেপুর সিক্রিতে এই সুইস দম্পতি হামলার শিকার হয়েছেন। ছবি: বিবিসি

ভারতের উত্তর প্রদেশের ফতেপুর সিক্রিতে এক সুইস পর্যটক দম্পতি হামলার শিকার হয়েছেন। গত রোববার আগ্রায় তাজমহলের কাছের ওই এলাকায় হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সুইস দম্পতি কুইন্টিন জেরেমি ক্লার্ক ও মারি দ্রোজের ওপর চারজন লোক হামলা চালিয়েছিলেন। এর আগে ওই লোকগুলোর সঙ্গে কুইন্টিন ও মারির বচসা হয়। এরপরই তাদের ওপর চড়াও হন ওই চার ব্যক্তি।

স্থানীয় সংবাদমাধ্যম গতকাল বুধবার জানিয়েছে, কুইন্টিন জেরেমি ক্লার্কের খুলিতে ফাটল ধরা পড়েছে এবং মারি দ্রোজের হাতের হাড়ে ফাটল ধরেছে। দিল্লির একটি হাসপাতালে সুইজারল্যান্ডের এই দুই নাগরিকের চিকিৎসা চলছে।

টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে ক্লার্ক বলেছেন, ওই চার ব্যক্তি হুট করেই তাদের ছবি তোলা শুরু করে দিয়েছিলেন। এর প্রতিবাদ করলে বচসার সূত্রপাত হয়। আর তা থেকেই হামলার ঘটনা ঘটে।

এদিকে পুলিশ জানিয়েছে, জোর করে মারি দ্রোজের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তিরা। এই দম্পতিকে প্রায় ঘণ্টাখানেক অনুসরণ করছিলেন তাঁরা। এরপর তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।

আগ্রার পুলিশ বিভাগের এসপি অমিত পাঠক বলেছেন, সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, ‘ওই দম্পতি থানায় আসার পর আমরা তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। তাঁরা কোনো অভিযোগ দায়ের করতে চাননি। তবে আমরা চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।’

আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উত্তর প্রদেশের রাজ্য সরকারকে এই মামলার বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ পাওয়ার পর কাজ শুরু যোগী আদিত্যনাথের সরকার।