ভারতে ১০ বছরে ১৪০৫টি ট্রেন দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৬ সালের ১৯ নভেম্বর উত্তর প্রদেশের পুখরাইয়ায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়। ফাইল ছবি: রয়টার্স
২০১৬ সালের ১৯ নভেম্বর উত্তর প্রদেশের পুখরাইয়ায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়। ফাইল ছবি: রয়টার্স

ভারতে গত ১০ বছরে ১৪০৫টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। আর এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫০৫ জনের। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রেল মন্ত্রণালয়ের পেশ করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত ১৪০৫টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে । এতে মৃত্যু হয়েছে ৫০৫ জনের। সহস্রাধিক দুর্ঘটনার মধ্যে ৭১৮টি ঘটেছে ট্রেন লাইনচ্যুত হয়ে। আর এ বছর ৩১ আগস্ট পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ২১টি। এর মধ্যে ১০টি দুর্ঘটনা ঘটেছে ট্রেন লাইনচ্যুত হয়ে। প্রাণ গেছে ৪৭ জনের। রিপোর্টে এ কথাও বলা হয়েছে, রেললাইনের রক্ষণাবেক্ষণের অভাবের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে গত শুক্রবার ১০ ঘণ্টার ব্যবধানে ভারতে চারটি রেল দুর্ঘটনা ঘটেছে। ভোরে উত্তর প্রদেশের চিত্রকূট জেলার বান্দা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ভাস্কোদাগামা-পাটনা এক্সপ্রেস। এতে লাইনচ্যুত হয় ১৩টি বগি। মৃত্যু হয় ৩ জনের। আহত হয় ৮ জন। ওই ঘটনার কিছু পরে ওডিশার কটকে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি। এদিনই উত্তর প্রদেশের সাহারানপুরে জন্মু-পাটনা অর্চনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে গিয়ে আহত হন ৩ জন। আর একই দিন উত্তর প্রদেশের আমেথির একটি লেভেল ক্রসিংয়ে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়িকে ধাক্কা মারে যাত্রীবাহী একটি ট্রেন। মৃত্যু হয় ৪ জনের।

রেলমন্ত্রী পিযূষ গোয়েল বলেছেন, ৫০ বছর বা তার ওপরের পুরোনো রেল লাইন অবিলম্বে মেরামত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।